এই মায়া

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২২
ভালোবাসা দিবসের জন্য শাহরিয়ার নাজিম জয়ের রচনায় চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘এই মায়া’। এতে জুটিবদ্ধ হয়েছেন আলোচিত অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নী ও অভিনেতা অপূর্ব। টেলিফিল্মের গল্পে দেখা যাবে, মায়াকে ভালোবেসে বিয়ে করে নীল। আচমকা এক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যায় মায়া। কিন্তু মায়ার ছায়া ভুলতে পারে না নীল। সব সময় সে মায়াকে দেখতে পায়। অফিসে নতুন জয়েন করা ম্যানেজার মুনকে বারবারই সে মায়া মনে করে। মায়া মনে করে তার সাথে সময় কাটায় নীল। মুন প্রথমে বুঝতে না পারলেও একসময় ঠিকই বুঝতে পারে কোথায় ভুল হচ্ছে। একসময় সেও নীলের মায়ার বাঁধনে জড়িয়ে যায়। এদিকে নীলের অপ্রকৃতস্থতার কারণে অফিস তাকে চাকরিচ্যুত করে। মায়ার মা নীলকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যায়। নীলের পাশে এসে দাঁড়ায় মুন। শেষ পর্যন্ত তাদের পরিণতি কী হবে সেটা জানার জন্য চোখ রাখতে হবে মাছরাঙার পর্দায়। আসছে ভালোবাসা দিবসে রাত ৮টায় প্রচার হবে টেলিফিল্মটি।