বাংলাদেশে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনে প্রযুক্তি হস্তান্তরে আগ্রহ প্রকাশ করেছে চেক প্রজাতন্ত্র। একই সাথে সবুজ প্রযুক্তিনির্ভর বেসামরিক বিমান পরিবহন, নবায়নযোগ্য জ্বালানি উত্পাদন, অবকাঠামো উন্নয়ন ও গণপরিবহন শিল্প খাতের প্রসারে দেশটি বিনিয়োগ ও সহায়তা করবে। বাংলাদেশের সমবর্তী দায়িত্বে নিয়োজিত চেক রাষ্ট্রদূত মিলোস্লাভ স্ট্যাক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সাথে বৈঠককালে এ আগ্রহের কথা জানান। গতকাল শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চেক রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চেক প্রজাতন্ত্র বিশেষভাবে আগ্রহী। বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র চিহ্নিত করতে চেক প্রজাতন্ত্রের উদ্যোক্তারা শীঘ্রই বাংলাদেশ সফর করবে। তিনি বাংলাদেশের খাদ্য শিল্পের উন্নয়নে চেক প্রজাতন্ত্র কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেবে বলে উল্লেখ করেন। শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পের পাশাপাশি জাহাজ নির্মাণ, ওষুধ, চামড়া, আইসিটি, অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুত্ খাতে চেক প্রজাতন্ত্রের উদ্যোক্তারা বিনিয়োগে এগিয়ে আসতে পারে বলে মন্তব্য করেন।
