ভিটামিন-এ মিশ্রণের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ১৬ শোধনাগার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩২
জাতীয় পর্যায়ে ভিটামিন-এ ঘাটতিজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় ভোজ্যতেলে ভিটামিন-এ মিশ্রণ বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে দেশের ২২টি ভোজ্যতেল শোধনাগারের মধ্যে ১৬টি শোধনাগারের সাথে ভিটামিন-এ মিশ্রণের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর আওতায় এসব শোধনাগারে ইতিমধ্যে ১৬টি প্রিমিক্স ডোজিং পাম্প এবং ১৫ দশমিক ৯ মেট্রিক টন ভিটামিন-এ সরবরাহ করা হয়েছে। ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেল চিহ্নিত করার লক্ষ্যে বোতল বা প্যাকেটে ব্যবহারের জন্য একটি লগোও তৈরি করা হয়েছে। খসড়া ভোজ্যতেল ভিটামিন-এ সমৃদ্ধকরণ আইন-২০১৩ এর ওপর স্টেকহোল্ডারদের নিয়ে শিল্প মন্ত্রণালয় আয়োজিত মত বিনিময় সভায় গতকাল এ তথ্য জানানো হয়। ইউনিসেফ এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড্ নিউট্রেশন এর আর্থিক ও কারিগরি সহায়তায় শিল্প মন্ত্রণালয় এ আইন প্রণয়ন করছে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সভায় সভাপতিত্ব করেন।