উত্তর কোরিয়া মঙ্গলবার জাতিসংঘ নিরস্ত্রীকরণ ফোরামকে বলেছে, পরমাণু কর্মসূচি নিয়ে কোন প্রস্তাবনার কাছে তারা মাথা নত করবে না। তাছাড়া, যুক্তরাষ্ট্রের বৈরি নীতির কারণে কোরিয়া উপদ্বীপে নিরস্ত্রীকরণের সম্ভাবনাও ক্ষীণ বলে জানিয়েছে উত্তর কোরিয়া।
বিশ্ব সমপ্রদায়ের হুঁশিয়ারি উপেক্ষা করে উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালানোর পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের তোড়জোড় চলার মাঝে দেশটি এ প্রতিক্রিয়া জানাল। জেনেভায় উত্তর কোরিয়া মিশনের ফার্স্ট সেক্রেটারি জন ইয়ং রায়ং জাতিসংঘ নিরস্ত্রীকরণ সম্মেলনে বলেন, “উত্তর কোরিয়া (ডিপিআরকে) তাদের বিরুদ্ধে সম্পূর্ণ অযৌক্তিক প্রস্তাবনা মেনে নেবে এমনটি মনে করে থাকলে ভুল করবে যুক্তরাষ্ট্র ও এর অনুসারীরা। ডিপিআরকে কোনো প্রস্তাবনার কাছে মাথা নত করবে না।” তিনি আরো বলেন, ইইউ (ইউরোপীয় ইউনিয়ন) সত্যিই কোরিয়া উপদ্বীপে শান্তি ও নিরাপত্তা চাইলে তাদের উচিত প্রথমেই ডিপিআরকে’র বিরুদ্ধে বৈরি নীতি পরিহারের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো।
জাতিসংঘ প্রস্তাবনা উপেক্ষা করে উত্তর কোরিয়া মঙ্গলবার তৃতীয়বারের মতো ভূ-গর্ভে শক্তিশালী পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে। সঙ্গে সঙ্গে এর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপ এমনকি পিয়ংইয়ং এর মিত্রদেশ চীনও। জাতিসংঘ মহাসচিব বান কি মুন উত্তর কোরিয়ার এ পদক্ষেপকে জাতিসংঘ প্রস্তাবনার সুস্পষ্ট এবং মারাত্মক লঙ্ঘন বলে নিন্দা করেছেন। দেশটির উস্কানিমূলক এ পদক্ষেপে শঙ্কিত বিশ্ব নেতারা। এ উদ্বেগের মুখেই বিষয়টি নিয়ে রুদ্ধদ্বার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কিন্তু এর কোনো তোয়াক্কা না করে উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল মনোভাব জানিয়ে দিল। সর্বশেষ পারমাণবিক পরীক্ষাকে যুক্তরাষ্ট্রের বৈরি নীতির পাল্টা জবাব আখ্যা দিয়ে উত্তর কোরিয়া আগামীতে আরো বলিষ্ঠ পদক্ষেপ নেয়ার হুমকিও দিয়েছে।
