কাদরির নাগরিকত্বের প্রমাণ দাখিলের নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৯
পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) প্রধান তাহির-উল-কাদরিকে বিদেশি নাগরিকত্বের কাগজপত্র আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন সে দেশের সুপ্রিম কোর্ট। গত সোমবার পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরী এবং বিচারপতি গুলজার আহমেদ ও শেখ আজমাত সাইদের সমন্বিত তিন সদস্যের বেঞ্চ পাকিস্তানের নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রশ্নে শুনানি চলার সময় ওই নির্দেশ দেন।—খবর পিটিআই এবং ডনের। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং কমিশনের অন্য চার সদস্যকে সংবিধানের ধারা মেনে নিয়োগ দেয়া হয়নি এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কাদরি নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য আদালতে রিট আবেদন করেন। সোমবার রুটের শুনানি শুরুর পরপরই আদালত কাদরির জাতীয়তার বিষয়ে জানতে চান। এ সময় প্রধান বিচারপতি বলেন, রিট আবেদনের কার্যক্রম চলবে কি না, এ নিয়ে কাদরির নাগরিকত্বের বিষয়ে খোঁজ-খবর নেয়া দরকার। আদালতে কাদরি জানান, তিনি পাকিস্তান ও কানাডা উভয় দেশেরই নাগরিক। পাকিস্তানের পার্লামেন্ট থেকে পদত্যাগ করার পর ১৯৯৯ সালে তিনি কানাডা কর্তৃপক্ষের কাছে নাগরিকত্বের জন্য আবেদন করেন। ২০০৫ সালে তাকে কানাডার নাগরিকত্ব দেয়া হয়।