সংবাদ কণিকা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০১
আফজাল গুরুর লাশ পেতে চায় পরিবার ভারতের পার্লামেন্টে হামলার দায়ে দিল্লির তিহার জেলে ফাঁসির রায় কার্যকর হওয়া আফজাল গুরুর লাশ ফেরত পেতে চায় তার পরিবার । তাদের বক্তব্য আমরা সরকারের কাছে আর কিছুই চাই না। শুধু চাই আফজালের লাশ ফেরত দেয়া হোক। গত শনিবার সকাল সাড়ে ৭টায় তার ফাঁসি কার্যকর করা হয়। এরপর তাকে তিহার জেলেই কবর দেয়া হয়। কিন্তু তাকে কাশ্মীরের সোপোরে নিজের গ্রামেই কবর দিতে চায় তার পরিবার। স্বরাষ্ট্র সচিব আর কে সিংহ বুধবার জানান, আফজালের নিকটাত্মীয়রা তিহারে এসে তার সমাধিতে প্রার্থনা জানালে তাদের কোন আপত্তি নেই। তবে এ ক্ষেত্রে নিয়ম মোতাবেক আবেদন করতে হবে। এদিকে আফজালের ভাই মহম্মদ ইয়াসিনের জানান, আমাদের দাবি একটাই, তাহলো আমার ভাইয়ের মৃতদেহ ফেরত দিতে হবে। সোপোরেই তাকে আমরা সমাধিস্থ করতে চাই। -আনন্দবাজার পত্রিকা মাদ্রাসা থেকে পালানোয় ছ্যাঁকা মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ায় এগারো বছরের এক শিশুকে বেদম প্রহারের পর লোহা গরম করে পায়ের তলায় ছ্যাঁকা দেয়া হয়েছে। শুধু তাই নয়, এক বদ্ধ ঘরে তাকে আটদিন ফেলে রাখা হয়। শিশুটি জানিয়েছে, মাদ্রাসার পড়া তার ভালো লাগে না। তাই সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে আরো জানায়, দুই ইমাম তার উপর এ অত্যাচার চালিয়েছেন। পা পুড়িয়ে দেয়ার পর তারা কোন ওষুধও দেননি। পুলিশ জানায় , মাদ্রাসাটি ভারতের রাজৌরির আধারকোট এলাকায় অবস্থিত। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। সেসময়ে এক শিক্ষকের বেদম পিটুনিতে এক ছাত্রীর কাঁধের হাড় ভেঙ্গে যায়। -পিটিআই প্রাচীন ভাষা পুনর্গঠনে কম্পিউটার প্রাচীন ভাষা পুনর্গঠনে কাজ করবে কম্পিউটার। কালের গর্ভে হারিয়ে যাওয়া এসব ভাষা উদ্ধারেই এই উদ্যোগ নেয়া হয়েছে। আর এই কাজটি সম্ভবপর করতে কম্পিউটারের একটি নতুন সফটওয়্যার তৈরি করা হয়েছে। ভাষার পুনর্গঠনের এই কাজটি পরীক্ষার জন্য ভাষাবিদরা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বর্তমানে ব্যবহূত ৬৩৭টি ভাষা বেছে নেন। যেসব ভাষা থেকে এগুলো এসেছে সেগুলোও সনাক্ত করেছেন। প্রসেডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে প্রকাশিত হয়েছে তাদের এক অসাধারণ কাজটি। ওই প্রোগাম ব্যবহার করে ১৪ লাখ দুই হাজার শব্দের উপাত্ত থেকে সাত হাজার বছর আগে ব্যবহূত ভাষা চিহ্নিত করা গেছে। ৮৫ শতাংশ ভাষারই আদিরূপ পাওয়া গেছে যেগুলো এক অক্ষর ?বা এক ধ্বনি বিশিষ্ট। - বিবিসি চিয়াংমাইতে নিরাপত্তা জোরদার জঙ্গি হামলার আশঙ্কায় থাইল্যান্ডের চিয়াং মাই শহরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয় । মঙ্গলবারের ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা জানান, গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই মাসেই আল কায়েদা ও সালাফিস্ট জঙ্গি গোষ্ঠী যৌথভাবে মার্কিন দূতাবাসে হামলা চালাতে পারে। এ কারণে ওই শহরটিতে কঠোর নিরাপত্তার মধ্যে আনা হয়। তিনি বলেন , এ ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূতের পক্ষ থেকে কোন বিশেষ অনুরোধ না থাকলেও আমরা আমাদের নিজস্ব উদ্যোগেই এই নিরাপত্তার ব্যবস্থা করেছি। -এএফপি