ক্যারিয়ারের তুঙ্গ ফর্মে থাকা সেরেনা উইলিয়ামসের রূপটা কী হতে পারে, সেটা খানিকটা টের পাচ্ছে কাতার। কাতার ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। আর এর মাধ্যমে আড়াই বছরের মধ্যে প্রথমবারের মত র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফিরে আসার স্বপ্ন বাস্তবায়নের আরো কাছে চলে এসেছেন সাবেক এই এক নম্বর তারকা।
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে গতকাল রাশিয়ার ১৮ বছর বয়সী দারিয়া গাভরিলোভার বিপক্ষে ৬-২, ৬-১ গেমে জিততে কোন কষ্টই করতে হয়নি উইম্বলডন, অলিম্পিক এবং ইউএস ওপেন জয়ী সেরেনার। গোড়ালির ইনজুরির কারণে গত মাসে বছরের প্রথম গ্র্যান্ড স্ল¬্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে স্বদেশি স্টিফেন্সের অঘটনের শিকার হয়ে হতাশাজনক বিদায় নিয়েছিলেন সেরেনা। তাই এই জয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেতেই পারেন তিনি। টুর্নামেন্টে কোন সমস্যা ছাড়াই এগিয়ে যাবার লক্ষ্যে সেরেনা কিছুটা সাবধানীও ছিলেন। মেলবোর্নেই তার সামনে সুযোগ এসেছিল র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফিরে আসার। কিন্তু হঠাত্ করেই অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে গোড়ালির আঘাত তাকে শঙ্কায় ফেলে দেয়। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে ইনজুরির কাছে হার মানেন। আর তাই সেই হতাশা কাটিয়ে অন্তত কোর্টে ফিরে আসাটাকেই বড় করে দেখছেন সেরেনা। তাই তিনি বলেছেন, ‘এখানে আসতে পেরে আমি দারুণ খুশী। আমি সত্যিই খুব ভাল অনুভব করছি। জুনিয়র চ্যাম্পিয়নের বিপক্ষে আমি সত্যিকার অর্থেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম। তাই আমি মনে করি ম্যাচটি অত্যন্ত উপভোগ্য ছিল।’ দিনের অন্য খেলায় ক্যারোলিন গারসিয়াকে ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন রাশিয়ার মারিয়া শারাপোভা।
