আর্জেন্টিনার এজেকুয়েল লাভেজ্জি ও জাভিয়ার প্যাস্তোরের গোলে ভর করে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে শেষ ষোলোর প্রথম লেগে সফরকারী প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) স্পেনের দল ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে। এছাড়া ফ্রান্সের দলটি প্রতিপক্ষের মাঠে দুই গোল দিয়ে আসায় বেশ সুবিধাজনক অবস্থানে থাকলো। তবে দলের গুরুত্বপূর্ণ ও তারকা খেলোয়াড় জ্লাতান ইব্রাহিমোভিচ অতিরিক্ত সময়ে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়ায় হতাশা ছড়ায় তাদের শিবিরে। কারণ তিনি এই কারণে হয়তো ফিরতি লেগের ম্যাচে খেলতে পারবেন না।
এদিকে একই রাতে শেষ ষোলোর অপর ম্যাচে স্বাগতিক সেল্টিককে ইটালির সিরিএ চ্যাম্পিয়ন জুভেন্তাস ৩-০ গোলে হারায়। ফিরতি লেগের ম্যাচটি আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষের মাঠে এমন জয় নিয়ে পরবর্তী লেগে আত্মবিশ্বাস নিয়েই খেলতে যেতে পারবে পিএসজি ও জুভেন্তাস।
বিপুল টাকা খরচ করে রাতারাতি আলোচনায় আসা এবং লিগা ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষ দল পিএসজি দশ মিনিটেই এগিয়ে যায় লাভেজ্জির গোলে। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তারই স্বদেশী প্যাস্তোরে দ্বিতীয় গোলটি দলকে এনে দেন।
ভ্যালেন্সিয়ার কোচ আরনেস্তো ভালভার্দে দ্বিতীয়ার্ধে কিছু পরিবর্তন আনেন। ফলশ্রুতিতে স্প্যানিশ দলটি সেন্টার ব্যাক আদিল রামির কাছ থেকে তারা একটি গোল পেয়ে যায় ম্যাচের অন্তিম মুহূর্তে। কিন্তু এতে করে ব্যবধান কমেছে; কিন্তু ম্যাচে ফিরতে পারেনি তারা।
অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ইব্রাহিমোভিচ সরাসরি লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন। এর ফলে তাকে প্যারিসে ৬ মার্চের ফিরতি লেগে বহিষ্কার করা হতে পারে। পিএসজি কোচ কার্লো আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি কখনোই মনে করছি না যে শেষদিকে আমরা রাশ ঢিলে করে দিয়েছিলাম। আমরা আরো দুইবার তৃতীয় গোলটি করতে পারতাম।’
অন্যদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম নিজের নতুন দল পিএসজির খেলা দেখেছেন স্ট্যান্ডে থেকে। ফ্রান্সের রাজধানীতে গতকালই বেকহ্যামের চলে যাওয়ার কথা, কারণ তার প্রথম অনুশীলন রয়েছে সেখানে। তিনি ২৪ ফেব্রুয়ারি দলভুক্ত হতে পারেন প্রথমবারের মত। এদিন পিএসজির ম্যাচ রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী অলিম্পিকে মার্শেইয়ের বিপক্ষে।
এদিকে সেল্টিক পার্কে অচেনা মনে হয়েছে স্বাগতিকদের। পার্কহেডের ৬০ হাজার সমর্থক হতাশ হয়েছে সেল্টিকের হারে। নিজেদের মাঠে ইটালীয় দল জুভেন্টাসের বিপক্ষে ১৯৬৯ সালের পর এই প্রথম হারল তারা।
অ্যালেসান্দ্রো মাটরির গোলে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় জুভা। পরের দুটি গোল করেন ক্লডিও মারসিসিও এবং মিরকো ভুচিনিক। ফিরতি লেগে দল দুটি মুখোমুখি হবে তুরিনে।
শেষ ষোলো, প্রথম লেগ
মঙ্গলবারের ফল
সেল্টিক ০ জুভেন্তাস ৩
ভ্যালেন্সিয়া ১ প্যারিস সেইন্ট জার্মেইন ২
