দিল্লীর পথে হকি দল

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
জাতীয় হকি দল ওয়ার্ল্ড হকির দুই নম্বর গ্রুপে খেলার জন্য গতকাল রাতে বিমানপথে দিল্লীর উদ্দেশে রওনা হয়েছে। আজ কলকাতায় পৌঁছে রেলপথে দিল্লী যাবে দলটি। দিল্লীতে ওয়ার্ল্ড হকি লিগের দুই নম্বর গ্রুপের খেলা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি। এতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী আয়ারল্যান্ড। ছয় দেশের লড়াইয়ে বাংলাদেশের গ্রুপ থেকে দু’টি দল তৃতীয়পর্বে উঠবে। দলগুলোর শক্তি বিবেচনায় বাংলাদেশের সুযোগ কম। কারণ প্রতিপক্ষদের মধ্যে রয়েছে ভারত, চীন ও আয়ারল্যান্ড। আজারবাইজান না খেলার কারণে ওমানকে নেয়া হয়েছে বাংলাদেশের গ্রুপে। বাংলাদেশের উপরে ওঠার সম্ভাবনা খুব একটা না থাকলেও জিমি, জাহিদ, চয়নদের চেষ্টা থাকবে তৃতীয়পর্বে উঠার। অন্তত তাদের অভিপ্রায় সেরকমই। তাছাড়া সমপ্রতি বেলজিয়ান কোচ মিশেল কেনিন এক সপ্তাহের জন্য ঢাকায় এসে তাদের কিছুটা তালিম দিয়ে গেছেন। সেটাকে আরো শাণিত করার চেষ্টা করে গেছেন জাতীয় দলের কোচ মাহবুব হারুন। এদিকে জাতীয় হকি দলের ঢাকা থেকে কলকাতায় যাওয়ার বিমান ভাড়া দিয়েছেন সাবেক তারকা খেলোয়াড় এবং ফেডারেশনের সহ-সভাপতি আবদুস সাদেক। ওয়ার্ল্ড হকির জন্য ব্যয় হবে ২৬ লাখ টাকা। পৃষ্ঠপোষক ইউসিবি ব্যাঙ্ক দশ লাখ টাকা দিচ্ছে। আর জাতীয় হকি দলের পোশাক দিয়েছে মেনজ ক্লাব ও ইটালীর ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান লোটো। সূচি: ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ও আয়ারল্যান্ড ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ও চীন ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ওমান ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ফিজি ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারত