প্রথমবারের মতো ফাইনালে উইন্ডিজ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
মহিলা ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারালো ওয়েস্ট ইন্ডিজ। আর এই জয়টা তারা পেল বিশ্বকাপের সুপার সিক্সে। ফলে প্রথমবারের মতো আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল বুধবার তারা আট রানে অজিদের পরাজিত করে। গত ১১ তারিখ নিউজিল্যান্ডকে ৪৮ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে যায় উইন্ডিজ। চার ম্যাচের সবগুলোই জিতে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল অস্ট্রেলিয়া। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে নিজেরা হেরে গেলে এবং অন্য ম্যাচে নিউজিল্যান্ড জয় পেলে আর ফাইনালে যাওয়া হতো না ওয়েস্ট ইন্ডিজের। কারণ তখন দুদলের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে থাকতো নিউজিল্যান্ড। আর এরচেয়েও বড় চ্যালেঞ্জ ছিল এমন এক দলের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলা; যাদের বিরুদ্ধে কখনোই জেতা হয়নি একটা ম্যাচও। এসব চ্যালেঞ্জকেই শেষ পর্যন্ত জয় করেছে ক্যারিবীয়রা। অবশ্য ব্যাটিংটা জয় পাওয়ার মতো ভালো হয়নি তাদের। টসে জিতে ব্যাটিংয়ে নেমে অজি বোলারদের বোলিং তোপের মুখে পড়ে ৪৭ ওভারে মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে দিয়ান্দ্রা ডটিন সর্বোচ্চ ৬০ রান করেন। তুলনামূলক সহজ লক্ষ্যকে সামনে রেখে ব্যাটিংয়ে নেমে অজিরা এক পর্যায়ে মাত্র চার উইকেট হারিয়েই পৌঁছে যায় ১৩০ রানে। তখন তাদের জয়টাকে সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। তবে স্টেফানি টেইলর অজি ইনিংসের সর্বোচ্চ সংগ্রাহক অ্যালেক্স ব্লাকওয়েলকে ব্যক্তিগত ৪৫ রানে ফিরিয়ে দিলে ম্যাচ জমে ওঠে। এরপর দশ রানের ব্যবধানে ক্যারিবীয় বোলাররা তুলে নেন আরও তিনটি উইকেট। শেষ পর্যন্ত ১৫৬ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ পায় ঐতিহাসিক এক জয়। তাদের এই জয়ের ফলে ফাইনালের আগেই ছিটকে যেতে হলো ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডকে। দিনের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১১০ রানে হারায় শ্রীলংকাকে। টুর্নামেন্টের ফাইনালে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে আগামী রবিবার মাঠে নামছে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ।