মহাখালীতে বুধবার ভোরে একটি প্রাইভেট কার ছিনতাই হয়েছে। আইসিডিডিআরবি’র কর্মচারীদের বহুমুখী সমবায় সমিতির এ প্রাইভেট কারটির চালককে মারধর করে চার ছিনতাইকারী গাড়ি ছিনিয়ে নেয়। সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, কর্মচারীদের নিজ কার্যালয়ে আনতে প্রাইভেট কারটি গতকাল ভোর ৬টার দিকে শেওড়াপাড়া যাচ্ছিল। মহাখালী রেলক্রসিং পার হওয়ার পর নম্বরপ্লেটহীন একটি সাদা মাইক্রোবাস গাড়ির গতি রোধ করে। এ সময় ঐ মাইক্রোবাস থেকে অস্ত্রসহ চার ছিনতাইকারী বের হয়ে আইসিডিডিআরবি’র গাড়ির চালক আল মামুনকে রাস্তায় নামিয়ে মারধর করে। একপর্যায়ে ছিনতাইকারীরা চাবি কেড়ে নিয়ে গাড়িটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
