টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজগুলো অতিরিক্ত যাত্রী বহন করে চলাচল অব্যাহত রেখেছে। অতিরিক্ত যাত্রী বহনের দায়ে এফবি ফারহান ক্রস ও এলসিটি কুতুবদিয়ার পর এবার এলসিটি কাজল জাহাজকে জরিমানা করে প্রশাসন। মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে টেকনাফ মডেল থানা মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় এলসিটি কাজল জাহাজে ৪০০ যাত্রী পায়। এ জাহাজের ধারণক্ষমতা ২৫০ জন। এ সময় ১৫০ জন অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া গত শনিবার বঙ্গোপসাগর মাঝপথে পর্যটকবাহী জাহাজ এফবি ফারহান ক্রস ও এলসিটি কুতুবদিয়ার মধ্যে সৃষ্ট ঘটনা ও অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করে। তাছাড়া রবিবার থেকে চলাচলের উপর নিষেধাজ্ঞা দেয়। রাতে নিষেধাঞ্চা দিলেও রবিবার সকালে পুনরায় অতিরিক্ত যাত্রী নিয়ে এলসিটি কুতুবদিয়া যাত্রা করার অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন জানায়, জেলা প্রশাসকের অনুমতি নিয়ে এগুলো চলাচল করছে।
নৌপরিবহন অধিদপ্তরের অনুমতিতে এ রুটে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ডাইন, এলসিটি কুতুবদিয়া, এলসিটি কাজল, এফবি ফারহান ক্রস, সী ট্রাক চলাচল করছে। এসব জাহাজে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ রয়েছে। এতদিন জাহাজগুলো ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করলেও কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। অনেকদিন পর সাগরে জাহাজে সংঘর্ষের ঘটনায় স্থানীয় প্রশাসনের টনক নড়ে বসে।
