ফেনীতে ভুয়া ডাক্তারের জেল জরিমানা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৯
ফেনীতে এমবিবিএস অথবা বিডিএস কোন ডিগ্রিই না থাকা সত্ত্বেও চিকিত্সক সেজে রোগীদের সাথে প্রতারণা করার অভিযোগে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত মোঃ মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছে। আদালত তাত্ক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে ফেনী কারাগারে প্রেরণ করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী শহরের কেন্দ্রস্থল ট্রাংক রোডের শতাব্দি ডায়াগনষ্টিক সেন্টারে কোন ধরনের ডিগ্রি বা সনদ না থাকা সত্ত্বেও মোঃ মিজানুর রহমান দীর্ঘদিন থেকে ভুয়া চিকিত্সক সেজে সাধারণ রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আমিনুল হকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মহসিন মৃধা ওই ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালান। এসময় চিকিত্সক পদবিধারী মিজানুর রহমানকে তার পাশের সনদপত্র দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেননি। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এক মাসের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেন। এসময় ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা (এমও) সঞ্জয় কুমার পাল উপস্থিত ছিলেন।