মুন্সীগঞ্জে লঞ্চ ডুবি

আরও ৪ জনের লাশ উদ্ধার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৯
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানিরচরে দুর্ঘটনাস্থলের আশপাশ থেকে লঞ্চ ডুবিতে নিখোঁজ হওয়ার ছয় দিনের মাথায় আরও ৪ জনের লাশ বুধবার সকালে উদ্ধার হয়েছে। এই নিয়ে শুক্রবারের দুর্ঘটনায় ১৮ জনের লাশ উদ্ধার হলো। বুধবার উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-উত্তর মতলব মুক্তিরকান্দি এলাকার বাসিন্দা ও নারায়ণগঞ্জের রং ব্যবসায়ী আবুল হাসেম (৩৮), উত্তর মতলবের রায়েরকান্দি এলাকার জিলানী সরকারের স্ত্রী নাজমা বেগম (৩০), চন্দ্রাকান্দি এলাকার মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে শাহানাজ আক্তার (১৮) ও বদরপুর এলাকার নূরুল ইসলামের স্ত্রী শিল্পী আক্তার (২৫)। তবে এখনও হাসেমের স্ত্রী শেফালী বেগম নিখোঁজ রয়েছেন।এসব তথ্য দিয়ে কোস্ট গার্ডের পেটি অফিসার শামসুর রহমান জানান, চারটি লাশই ভেসে উঠে। তাই অপর নিখোঁজকে মেঘনায় খোঁজা হচ্ছে। গজারিয়া থানর ওসি জাহাঙ্গীর হোসেন জানান, লাশগুলো শনাক্ত করার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।