ভাঙ্গুড়ায় পরীক্ষার্থীকে অপহরণ করে হত্যার চেষ্টা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১০
পাবনার ভাঙ্গুড়া এসএসসি কেন্দ্র-২-এর এক পরীক্ষার্থীকে অপহরণের পর গত সোমবার রাতে হত্যার চেষ্টা করা হয়। ফলে ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় সে অংশ নিতে পারেনি। পরীক্ষার্থীর নাম সাগর হোসেন সজিব (১৬), রোল নম্বর ১১৮৭৮৭। সে উপজেলার অষ্টমণিষা হাই স্কুলের বিজ্ঞান শাখার মেধাবী ছাত্র। সজিবের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার মির্জাপুর গ্রামে। পিতার নাম মো. ছাইদুল ইসলাম। সজিবের অবস্থা আশংকাজনক বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। কেন্দ্র সচিব মো. শওকত আলী জানান, মঙ্গলবার ইংরেজী ১ম পত্র পরীক্ষায় সজিব অনুপস্থিত ছিল। সজিবের পিতা জানান, গত সোমবার সন্ধ্যার পর সজিব মির্জাপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে কতিপয় দুর্বৃত্ত তাকে অপহরণ করে মির্জাপুর মাদ্রাসায় আটক রেখে তার শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে ক্ষত-বিক্ষত করে। এর আগে তার দেহে চেতনানাশক ইনজেকশন পুশ করা হয়। পরে মৃত ভেবে সজিবকে একটি বস্তায় ভরে গুমানী নদীর চরে ফেলে রাখে।