ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামী আবু সুফিয়ান লাবু চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও হত্যার ঘটনা আত্মহত্যা বলে প্রচারণা চালানোর দায়ে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ মোঃ হাবিবুর রহমান উপরোক্ত রায় প্রদান করেন। অপরদিকে মামলার অপর আসামি দন্ডিতের প্রেমিকা শাহানাজ পারভীন শাপলার বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ প্রমাণিত না হওযায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর গ্রামের বাসিন্দা ও সবদল হাট এতিমখানার শিক্ষক আবু সুফিয়ান লাবু চৌধুরী স্ত্রী ও দুই সন্তান থাকার পরও উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহানাজ পারভীন শাপলার সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়। এ ঘটনা জানাজানি হলে লাবু ও তার স্ত্রীর মাঝে ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়। একপর্যায়ে ২০০৬ সালের ১২ জানুয়ারি রাতে লাবু তার স্ত্রী মনোয়ারা বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় এবং এতে তার মৃত্যু হয়। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে লাবু চৌধুরী তার স্ত্রীর মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে প্রচারণা চালায় ।
