নাম: আল্লাহ রাব্বুল আলামীন
লেখক: সৈয়দ আলী সাওকাত
সম্পাদনায়: এহসান রউফ খান
আশিক ইলাহী চৌধুরী
প্রকাশনায়: আল মাইমানা প্রিন্টার্স
১৫, বিজয়নগর, ঢাকা।
মূল্য: ২৬০ টাকা
আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা আমাদের সৃষ্টিকর্তা, আসমান-জমিন পাহাড়-পর্বত, চন্দ্র-সূর্য-গ্রহ-নক্ষত্র সব কিছুর স্রষ্টা। বাতাসের যে শন্ শন্ আওয়াজ হয়, গাছের পাতার যে ঝন্ ঝন্ আওয়াজ হয়, পানিতে যে কুলু কুলু আওয়াজ ওঠে, পাখিরা যে কুহু কুহু ডাকে এই সব কিছু সেই রাব্বুল আলামীনের প্রশংসারত রয়েছে। আল্লাহর হাজার হাজার সৃষ্টিরাজি দ্বারা সমগ্র জাহান সাজিয়ে রেখেছেন আর এই সব কিছু কেবল শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের জন্য। সেই আল্লাহ এক অদ্বিতীয় তাঁর কোনো শরীক নেই- অংশীদার নেই। তিনি চিরস্থায়ী ও চিরঞ্জীব। তাঁর ঘুম ও তন্দ্রা স্পর্শ করে না। বিশ্বজাহান তাঁর প্রশংসা করছে। তিনি রহমানুর রহিম ও তিনি বিচারদিবসের মালিক। হাশরের ময়দানের তিনি সুবিচারক। সেই বিচার দিবসে তাঁর কাছে কেউ কোনো সুপারিশ করার অধিকার রাখে না। আমরা যা কিছু ভালো কাজ করছি এবং যা কিছু মন্দ করছি তার ভিত্তিতে আল্লাহ তায়ালা কারো আমলনামা ডান হাতে আর কারো আমলনামা বাম হাতে প্রদান করবেন। সেই হিসাবেই জান্নাত জাহান্নাম অবধারিত হবে। সৈয়দ আলী সাওকাত প্রণীত “আল্লাহ রাব্বুল আলামীন” নামক গ্রন্থটিতে সেই আল্লাহ তায়ালার পরিচিতি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে তথ্য, তত্ত্ব ও উপাত্ত সমৃদ্ধ করে। গ্রন্থটিতে আল্লাহ সম্বন্ধে সহীহ ধারণা আল্লাহর ইসমে জাত, আল্লাহর ওপর ঈমান, আল্লাহ তায়ালার ছিফাতের তাত্পর্য, ইলাহ এর আভিধানিক অর্থ, আল্লাহর ইছমে জাত, ছিফাতে ইলাহী, রসূলগণের উপাসনা, লাম ইয়ালিদ ওলাম ইউলাদ এর ওপর ঈমান, খালকিয়াত, সৃষ্টির সূচনা ও পুনরাবৃত্তি, আসমান জমিন সৃষ্টির সৌন্দর্য ও নিপুণতা, বাতিলমাবুদগণ স্বয়ং আল্লাহর সৃষ্টির অন্তর্ভূক্ত, উত্তম রিজিক, আল্লাহর রহমত, রহমান ও রহীম, তওবা কবুল ও আল্লাহর রহমত, জান্নাত প্রাপ্তি ও আল্লাহর রহমত, নেক সন্তান লাভ ও আল্লাহর রহমত, হেদায়েতের পথ, অহংকার ফজল, গজব, লানত, কাহ্হার, কুদরত, আরশ কুরছি, তাওয়াক্কুল, জান্নাতে শান্তি ও নিরাপত্তা, আল্লাহ সুক্ষ্মদর্শী, মুমিনদের তাসবীহ ইত্যাদি বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। মূলত:একজন প্রকৃত মানুষ হিসাবে প্রত্যেকের উচিত্ হলো সব ক্ষমতার মহান রব সম্পর্কে অবহিত হওয়া, যিনি তাকে এই সুন্দর পৃথিবীতে প্রেরণ করেছেন। আর আল্লাহর ওপর বিশ্বাস স্থাপনের মাধ্যমে একজন মানুষের হূদয়ে ঈমানের বীজ বপিত হয় একত্ববাদের শিকড় মাটিতে শুদ্ধভাবে স্থান করে নেয়। আল কুরআনে বলা হয়েছে ইন্নাল্লাজিনা কলু রব্বুনাল্লাহ, ছুম্মাসতাকামু তাতানাঝঝালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু অলা তাহঝানু অআবশিরু বিল জান্নাহ অর্থাত্ যখন কোনো ব্যক্তি বলেন, আমার রব আল্লাহ অত:পর এর ওপর প্রতিষ্ঠিত থাকে, তাঁর ওপর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয় এবং তাকে বলে তোমার কোনো ভয় ও চিন্তা নেই এবং তাকে জান্নাতের সুখবর দেয়। আলোচ্য বইটিতে এসমস্ত বিষয়ে একটি সঠিক বিবরণ পেশ করা হয়েছে। আমরা গ্রন্থটির বহুল প্রচার কামনা করছি।
জাকির হোসাইন আজাদী
