বই নিয়ে কথা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১১
চলছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৩। সরব হয়ে উঠেছে বাংলা একডেমী প্রাঙ্গণ। প্রতিদিন আসছে নতুন নতুন বই। আগ্রহী পাঠকদের জন্য ইত্তেফাক সাময়িকী থেকে যোগাযোগ করা হলে প্রকাশিত ও প্রকাশিতব্য বই সম্পর্কে কথা বলেছেন বেশ কয়েকজন লেখক-কবি মুহাম্মদ হাবিবুর রহমান বইমেলায় আমার বেশ কয়েকটি বই বের হয়েছে, বেশ কয়েকটি বই দু-এক দিনের মধ্যেই মেলায় চলে আসবে। এর মধ্যে ভাষাসংক্রান্ত একটি বই ‘ভাষার আপন-পর’ বের করেছে প্রথমা প্রকাশন। তাম্রলিপি থেকে এসেছে রবীন্দ্রবিষয়ক গ্রন্থ ‘সীমার মাঝে অসীম তুমি’। অনুপম আনছে ‘প্রাচ্য চিত্তে প্রতীচ্য প্রতীতি’। সাতটি কবিতার বই একত্রে ‘কাব্যসপ্তক’ নামে বের করছে শব্দশিল্প। এ ছাড়া ‘জাপানি হাইকু ও জেন বচন’ করছে আড়িয়াল প্রকাশনী, ‘দেশের হাল হকিকত’ প্রকাশ করছে শব্দশিল্প প্রকাশনী, শুদ্ধস্বর বের করছে ‘নির্বাচন যথেষ্ট নয় তবে নির্বাচন হতে হবে’ বইটি। ‘মানুষের মন’ নামে একটি বই প্রকাশ করেছে প্রকৃতি। মাওলা ব্রাদার্স বের করছে ‘উত্তর আমেরিকায়’। বাঁধন প্রকাশী থেকে বের হচ্ছে দুটি বই ‘নির্বাচিত রুশ কবিতা’ ও ‘মহাপ্লাবন পেরিয়ে’। ‘মাহাচীনের কথা’ এসেছে বাংলা একাডেমী থেকে আর ‘দেশ ভাবনা’ বের করছে বাংলা প্রকাশ। কয়েকটি বই পুনর্মুদ্রিত হচ্ছে, সেগুলো হলো—অনন্যা থেকে ‘মিত্রাক্ষর’, ‘স্বাধীনতার দায়ভার’ ‘সভ্যতার সঙ্কট ও রবীন্দ্রনাথ’; বাংলা একাডেমী থেকে ‘গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ’, ‘সংবিধানের শব্দ ও খণ্ডবাক্য’। এ ছাড়া ‘উন্নত মম শির’ ও ‘রাজার চিঠির অপেক্ষায়’ জাগৃতি, ‘বাংলার সংগ্রাম এখনও অসমাপ্ত’ বাঁধন এবং ‘কবি তুমি নহ গুরুদেব’-এর পুনর্মুদ্রণ করছে মাওলা প্রকাশ। হাসান আজিজুল হক একুশে বইমেলায় আমার পাঁচ-ছয়টি বই আসার কথা রয়েছে। বেঙ্গল ফাউন্ডেশন থেকে বেরোচ্ছে ‘টান’। পশ্চিমবঙ্গে আমার অনেক আত্মীয়স্বজন আছেন। সমপ্রতি আমি সপরিবারে সেখানে বেড়াতে গিয়েছিলাম। বেশ কয়েকটি গ্রাম ঘুরে তাঁদের সঙ্গে দেখা করেছি। আমি বেঙ্গালুরুতেও গিয়েছিলাম। আর এসব নিয়ে লেখা আমার আত্মজীবনীমূলক বই ‘টান’। ১৯৮৮ সালের একটি ডায়েরি খুঁজে পেয়েছি অল্প কিছুদিন আগে। তখন আমি ইউরোপে ছিলাম। লন্ডন ও প্যারিসে থাকার সময় নানা ঘটনা, টুকিটাকি অনেক কিছু ওই সময় টুকে রেখেছিলাম ডায়েরির পাতায়। সেসব নিয়েই বেরোচ্ছে ‘লন্ডন ডায়েরি’। এ ছাড়া কথা প্রকাশ থেকে বেরোচ্ছে প্রবন্ধগ্রন্থ ‘রবীন্দ্রনাথ ও অন্যান্য ভাবনা’। ‘চিন্তনকণা’ নামের আরেকটি প্রবন্ধের বই বের করছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। সাহিত্য, শিক্ষা, রাজনীতি—বিভিন্ন প্রসঙ্গে ভাবনার সমষ্টি এটি। কথা প্রকাশ বাছাই করা গল্প নিয়ে আরেকটি গল্পসংকলন বের করছে। এতে থাকছে ২০টির মতো গল্প। এ ছাড়া ‘সাবিত্রী উপাখ্যান’ নামের একটি উপন্যাস বের করছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। নির্মলেন্দু গুণ বইমেলায় ইতিমধ্যেই আমার ‘মহাজীবনের কাব্য’ বইটি বেরিয়ে গেছে। মূলত ‘আমার ছেলেবেলা’, আমার কণ্ঠস্বর, আত্মকথা ১৯৭১’ এবং ‘রক্তঝরা ১৯৭৫’—এই চারটি বই একত্রে ‘মহাজীবনের কাব্য’ নামে বের হলো। এটি প্রকাশ করেছে কথা প্রকাশ, প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। এ ছাড়া একটি নতুন বই বের হবে ‘নির্গুণের মুখপঞ্জি ও কাশবনের গল্প’ নামে। ২০১০ সাল থেকে আমি ফেসবুকে নিয়মিত। এত দিনে যেসব স্ট্যাটাস দিয়েছি, সেখান থেকে নির্বাচিত স্ট্যাটাস ও ছবি নিয়ে বের হচ্ছে এটি। মোবাইল ফোনের বাংলা মুঠোফোন, ইন্টারনেটের বাংলা অন্তর্জাল আমিই করেছি—এরই ধারাবাহিকতায় ফেসবুকের বাংলা করেছি মুখপঞ্জি। এ জন্যই বইটির নাম রেখেছি ‘নির্গুণের মুখপঞ্জি ও কাশবনের গল্প’। এটিও বের হচ্ছে কথা প্রকাশ থেকে; প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু। অসীম সাহা এই মেলায় আমার নতুন কবিতার বই এসেছে একটি—‘পুরোনো দিনের ঘাসফুল’। এতে আমার সম্প্রতি লেখা ৩৭টি কবিতা স্থান পেয়েছে; বের করেছে আগন্তুক প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু। সাকী পাবলিশিং ক্লাব থেকে আসছে ‘অসীম সাহার প্রেমের কবিতা’। এ বইটিতে কেবলমাত্র বাছাই করা প্রেমের কবিতাগুলো রাখা হয়েছে। আমার কাব্যগ্রন্থ ‘পুনরুদ্ধার’-এর জন্য আমি অলক্ত সাহিত্য পুরস্কার পেয়েছিলাম ১৯৯৩ সালে। এতে রয়েছে ৪০ ধরনের ছন্দে লেখা কবিতা। শোভা প্রকাশ থেকে এ বইটির পুনর্মুদ্রণ বের হচ্ছে এই মেলায়। এ ছাড়া ১৯৭৬ সালে বের হওয়া ‘প্রগতিশীল সাহিত্যের ধারা’ নামের কবিতা-সাহিত্য বিষয়ক ১০-১২টি প্রবন্ধের বইয়েরও পুনর্মুদ্রণ করছে শোভা প্রকাশ। দুটি বইয়েরই নতুন প্রচ্ছন এঁকেছেন চারু পিন্টু। অনু হোসেন স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়িচালক যখন চালনা করেন তাঁর গাড়ি, তখন সামনে এবং আশপাশের সবকিছুর দিকে মনের বিশেষ যোগ রাখতে হয় তাকে। শিল্পী লেখক কিংবা কবি যা-ই বলি না কেন, সৃষ্টিশীল যেকোনো ব্যক্তিকে সৃষ্টিকর্ম তৈরির সময় গাড়িচালকের মতো মনকে একটি বিশেষ অবস্থানে কেন্দ্রীভূত করতে হয়। সৃষ্টির সময় লেখকের মনের ভেতর যে বিশেষ বিশেষ অবস্থা কাজ করে, সে-সৃষ্টিমুহূর্তটি ধরে রাখার চেষ্টা করেছি আমার নতুন বই ‘বোধ ও বাতি’তে। ক্রমাগত ক্যামেরায় আলোর প্রতিফলন ফেলে সৃষ্টিশীল আলোকচিত্রী ছবি ধারণ করেন। ক্যামার স্ক্রিনে থাকে আলো গ্রহণের প্যারামিটার। এই আইডিয়া থেকে সমকালীন বাংলা কবিতার প্যারামিটার দিয়ে কবিতার নতুন বিচার করেছি এই বইয়ে। আরও আছে কবি ও শিল্পীর বিশ্বাসের জগত্ এবং তাঁদের সৃষ্টির বাঁক নিয়ে তুমুল উত্তাপ সঞ্চারকারী মধ্যদীর্ঘ আলোচনা। রবীন্দ্রনাথ বানানসংস্কার নিয়ে কী না করেছেন। তিনি বানানসংস্কারে হাত না দিলে আজ আমাদের হয়তো একটিমাত্র ক্রিয়াপদ ‘করছি’কে লিখতে হতো ১১ রকম ছাঁদে। রবীন্দ্রনাথেরই উদ্যোগে বানানসংস্কার সমিতি প্রতিষ্ঠিত হওয়ায় আজ আমরা পেয়েছি একটি সুসংহত প্রমিত বাংলা ভাষা। রবীন্দ্রনাথের এই বানান সংস্কার মন নিয়ে আছে ব্যাখ্যাসমর্থিত বিশ্লেষণ। আরও আছে সম্প্রতি প্রয়াত ৬ লেখকের প্রস্থানমুহূর্ত ও তাঁদের সৃষ্টিবোধের মূলসূত্রের বিচার। শামসুর রাহমান, আবদুল মান্নান সৈয়দ, হুমায়ুন আজাদ, আবিদ আজাদ, সঞ্জীব চৌধুরী ও সর্বসাম্প্রতিক আপন মাহমুদ এই আলোচনায় স্থান পেয়েছেন। এটি প্রকাশ করেছে ঐতিহ্য। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ফাহমিদুল হক এই বইমেলায় আমার দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। আমি আর আ-আল মামুন মিলে ১৯৯৭ সাল থেকে সম্পাদনা করে আসছি যোগাযোগ ও সংস্কৃতিবিষয়ক পত্রিকা ‘যোগাযোগ’। ১০ সংখ্যা প্রকাশের পর আমরা সিদ্ধান্ত নিই, নির্বাচিত প্রবন্ধ নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হবে। পাশাপাশি বাংলাদেশের মিডিয়া ও সংস্কৃতি অধ্যয়নের সমালোচনাত্মক অধ্যায়ের যে সূচনা হয়েছিল এই পত্রিকার মাধ্যমে, তার একটা দলিল হয়ে রইবে গ্রন্থটি। বইটির নাম ‘মিডিয়া সমাজ সংস্কৃতি’। আমার দ্বিতীয় বইটি হলো ‘চলচ্চিত্র সমালোচনা’। বিগত সাত বছরে আমি বিভিন্ন চলচ্চিত্র নিয়ে যেসব নিবন্ধ লিখেছি এই গ্রন্থ তারই সংকলন। দুটি গ্রন্থেরই প্রচ্ছদ করেছেন শিবু কুমার শীল এবং প্রকাশ করেছে আগামী। শাহ্নাজ মুন্নী এবারের বইমেলায় আমার দুটি বই বের হচ্ছে। বইদুটির নাম ‘জ্বিনের কন্যা’ ও ‘ইষ লিবে ডিষ’। ‘জ্বিনের কন্যা’ আমার প্রথম গল্পগ্রন্থ, এটি প্রথম প্রকাশ করেছিল মঙ্গলসন্ধ্যা ১৯৯৭ সালে। এবার দ্বিতীয় সংস্করণ প্রকাশ করছে ধ্রুবপদ। আমার অন্য বই ‘ইষ লিবে ডিষ’ প্রকাশ করছে জয়তী প্রকাশনী। মোস্তাক শরীফ এবারের বইমেলায় আমার বই বেরোচ্ছে তিনটি। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সিলভিয়া প্লাথের আত্মজৈবনিক উপন্যাস ‘দ্য বেল জার’-এর অনুবাদ; প্রকাশ করেছে শুদ্ধস্বর। মানসিক অবসন্নতার শিকার এক তরুণীর নিঃসঙ্গতাবোধ আর আত্মহননের প্রয়াস বইটির উপজীব্য। ১৯৬৩ সালে বইটি প্রকাশের বছরই আত্মহত্যা করেন প্লাথ, তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবন, অতুলনীয় প্রতিভা আর করুণ পরিণতি কিংবদন্তির পর্যায়ে উন্নীত করেছে তাঁকে। বাংলাদেশে এটিই এর প্রথম অনুবাদ। এ ছাড়া আমার দুটো মৌলিক উপন্যাস আসছে—‘কত আকাশ কত মৃত্যু’ এবং ‘যাও উত্তরের হাওয়া’। প্রকাশ করছে যথাক্রমে সন্দেশ ও অ্যাডর্ন পাবলিকেশন। হামীম কামরুল হক আমার একটি বই-ই প্রকাশিত হতে যাচ্ছে; নাম ‘শূন্যপরান ও অন্যান্য গল্প’। প্রকাশ করছে রোদেলা প্রকাশনী। এতে মোট ১৩টি গল্প আছে। এই গল্পগুলো লেখার প্রেরণা হলো, ভাষা প্রয়োগের দিক থেকে ‘সত্য কথা সহজভাবে বলা’ যায় কি না, সেটি পরীক্ষা করে দেখা। আর তথাকথিত আধুনিকতার বিরোধিতা করা। ছোটগল্পে কেবল উপদংশসর্বস্ব মানুষের ঘা-গুলি খুঁচিয়ে দেখানো; ব্যক্তি ও সমাজের শয়তানি ও অসংগতিকেই প্রধান করে রাখতে হবে; মানুষের ছোটত্বের দিকেই বারবার আঙুল তোলা; প্রেম নিয়ে গল্প লেখা একটা রদ্দি বিষয়—এমন আরও যা কিছু—সেসব পূর্বনির্ধারিত শর্তে আমি বিশ্বাসী নই। ছক তৈরি ও ছক ভাঙা— বোধ করি সাহিত্যকে এভাবে এগিয়ে নিয়ে যেতে হয় । চেষ্টা করেছি, কল্পনাকে বাস্তবতার দিকে মুক্ত করতে, আর বাস্তবতাকে কল্পনার দিকে। বইটির প্রচ্ছদ পরিকল্পনা করেছি আমি নিজেই। রাফিক হারিরি বইমেলায় ছোট গল্প, উপন্যাস ও অনুবাদ এই তিনটি বিষয় নিয়ে আমার বেশ কয়েকটি বই বেরোচ্ছে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ‘ছায়াময়ী ও অন্যান্য গল্প’ (ছোট গল্প) ‘পান্থজন’ (উপন্যাস) ‘প্রাসাদ সরণির আখ্যান’ (মূল নাগিব মাহফুজ) ‘বাই দ্য রিভার পিদরা আই সেট ডাউন অ্যান্ড উইপ্ট’ (মূল পাওলো কোয়েলহো), ‘বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ গল্প’ (অনুবাদ) ছায়াময়ী ও অন্যান্য গল্প :বইটিতে ষোলোটি গল্প আছে। মানুষের জীবনের চিরচেনা অনুভূতি প্রেম, ক্ষুধা, ভালোবাসা আর জীবনের রহস্যময় কাব্যিক মুহূর্ত গল্পগুলোর বিষয়। বইটি প্রকাশিত হয়েছে নান্দনিক প্রকাশনী থেকে। ‘পান্থজন’ উপন্যাসটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। মিশরীয় ঔপন্যাসিক নাগিব মাহফুজ ১৯৮৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন তিনটি উপন্যাসের জন্য। প্রথম খণ্ডটি হলো ‘বাইনাল কাসরাইন’ ইংরেজি নাম ‘প্যালেস ওয়াক’, যার বাংলা অনুবাদ হচ্ছে ‘প্রাসাদ সরণির আখ্যান’। মিশরীয় একটি গোড়া মধ্যবিত্ত পরিবারের নানা অজানা চিত্র আর সেখানে স্বাধীনতার বিল্লব কীভাবে আস্তে আস্তে ঢুকে পড়ে—তা নিয়ে এই উপন্যাস। প্রকাশ করেছে নান্দনিক প্রকাশনী। ‘বাই দ্য রিভার পিদরা আই সেট ডাউন অ্যান্ড উইপট’—পাওলো কোয়েলহোর এই উপন্যাসটিতে প্রেম আর অতীন্দ্রীয়বাদ দুটোই ঢুকে পড়েছে। এক সময় প্রেমই হয়ে ওঠে জীবনের শ্বাশ্বত অনুভব। প্রকাশ করেছে রোদেলা। বিশ্বসাহিত্যের সেরা লেখকদের গল্প নিয়ে সংকলন ‘বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ গল্প’; প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। নূর কামরুন নাহার এবারের বইমেলায় আমার নতুন একটি উপন্যাস বের হচ্ছে। উপন্যাসের নাম ‘বিকেলের চিল’; প্রকাশ করছে রোদেলা প্রকাশনী। নব্বই পরবর্তী এক অস্থিতিশীল সময়ে স্বল্প আয়ের একটি পরিবারের অনিশ্চয়তার কাহিনি যেমন এতে উঠে এসেছে, তেমনি ওই সময়ের রাজনীতির প্রেক্ষাপটও অল্প-বিস্তর চিত্রিত হয়েছে। স্বৈরশাসনের পতনে পর আমরা যে শান্ত ও সুষ্ঠু পরিবেশ আশা করেছিলাম, সেখানে আমাদের বড় রকমের একটি স্বপ্নভঙ্গ ঘটেছিল। যে গণতন্ত্র চেয়েছিল দেশের মানুষ, সেই অর্থে তারা তার সুফল পায়নি। এই উপন্যাসের মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবনে হরতাল, অবরোধ, শিক্ষাঙ্গনে স্থবিরতা, বেকারত্ব, দলবাজি—এসবের প্রভাব কেমন, তা-ই দেখাতে চেয়েছি। এ ছাড়া আমার দুটি বইয়ের পুনর্মুদ্রণ করছে অয়ন প্রকাশনী—উপন্যাস ‘আলো’ এবং আমার কলাম ও ফিচারের সংকলন ‘নারী ক্ষমতায়ন:স্বপ্ন ও বাস্তবতা। কামরুজ্জামান জাহাঙ্গীর একুশে গ্রন্থমেলায় আমার তিনটি গ্রন্থ প্রকাশের প্রক্রিয়ায় আছে। ‘কথাশিল্পের জল হাওয়া’ নামের প্রবন্ধগ্রন্থটি প্রকাশ করছে শুদ্ধস্বর, ‘যখন তারা যুদ্ধে’ মুক্তিযুদ্ধভিত্তিক একটি উপন্যাস, প্রকাশ করছে জোনাকী, আরেকটা প্রবন্ধগ্রন্থ ‘গল্পের গল্প’, এটিও প্রকাশ করছে জোনাকী। ‘কথাশিল্পের জল হাওয়া’ মূলত কথাসাহিত্যভিত্তিক কিছু গদ্যের সমাহার—এতে কথাশিল্পের স্বাধীনতা, বিকাশ, কথাশিল্প ও লিটলম্যাগচর্চা, লালনবিষয়ক আমার ভাবনার ধরন যেমন আছে, তেমনি আছে রায়হান রাইন অনূদিত আনাল হক সম্পর্কীয় গ্রন্থটির ওপর আমার কিছু অবজার্ভেশন, মারিয়া ভার্গাস ইয়োসার নোবেলপ্রাপ্তিকে ঘিরে নোবেলের নানান বিষয়, পুরস্কার সম্পর্কীয় রাজনীতির বিভিন্ন কথা উঠে এসেছে। ‘গল্পের গল্প’ নামের গ্রন্থে আছে গল্পবিষয়ক আমার দীর্ঘদিনের লেখাজোখার সারসংক্ষেপ। ‘যখন তারা যুদ্ধে’ মুক্তিযুদ্ধের গল্প। তাতে একটা এলাকা, সেই এলাকার মানুষজনকে ঘিরে কার্যত একটা রাষ্ট্রের জনযুদ্ধকে চিহ্নিত করতে চেয়েছি আমি। আমার কাছে মুক্তিযুদ্ধকে বরাবরই একটা চলমান প্রক্রিয়া মনে হয়। এ যুদ্ধ থামার নয়, মুক্তিযুদ্ধ কার্যত আমাদের জীবনের এক দিশারী যেন। তাতে ভাষার নবতর কিছু বৈশিষ্ঠ্য আনার চেষ্টা করেছি। শাহাবুদ্দীন নাগরী এবার আমার মাত্র দুটো বই প্রকাশিত হয়েছে। একটি কবিতার, অন্যটি ছড়ার। কবিতার বইটি অন্য প্রকাশের মাজহারের পরামর্শেই করা। মাজাহার বললো, ওদের একটি সিরিজ আছে ‘নির্বাচিত ১০০ কবিতা’। আমি যদি আগ্রহী হই তবে ঐ সিরিজে আমার একটি প্রকাশিত হতে পারে। তারই ফলশ্রুতিতে ১১টি কবিতার বই প্রকাশিত থেকে নির্বাচিত ১০০টি কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে ‘নির্বাচিত ১০০ কবিতা’। আর অনন্যা থেকে প্রকাশিত ‘সাত রকমের ছাড়’ কোনো শিশুতোষ ছড়ার বই নয়। এখানে অনেকগুলো ছড়া আছে যেগুলো সমকালীন বিষয় নিয়ে লেখা, শিশু-কিশোররা এগুলো বুঝবে না, বা তাদের বোঝার কথাও নয়। আমি ছড়া বলতে সমকালীন ছড়াই বুঝি, যদিও শিশু-কিশোরদের জন্য লিখেও আমি আনন্দ পাই। সুমনকুমার দাশ পরিচিত ও অপরিচিত বাউলদের জীবনীসহ তাঁদের গান নিয়ে একটি বই আসছে রোদেলা প্রকাশনী থেকে; বইটির নাম ‘বাউল সাধনা, লালন সাঁই ও অন্যান্য’। কে বাউল, আর কে বাউল নন, তা নিয়ে অনেকের মধ্যে মতপার্থক্য আছে। আমি এই বইয়ে তার একটা সমাধান খোঁজার চেষ্টা করেছি। ‘বাউল কোষ’ নামে একটা বইয়ের সম্পাদনা করেছি; আসছে অন্বেষা প্রকাশনী থেকে। এটি মূলত একটি অভিধানগ্রন্থ। হাওর ও ভাটি অঞ্চলের বৈচিত্র্যময় গান নিয়ে একটি সংকলনগ্রন্থ ‘ভাটি অঞ্চলের গান:একাল-সেকাল’ বের হচ্ছে সানসিটি পাবলিশার্স থেকে। এতে হাওরাঞ্চলের এই সময়ের গানের পাশাপাশি বিলুপ্তপ্রায় বেশকিছু গান সংকলিত হয়েছে। এ ছাড়া কালিকলম প্রকাশনা থেকে আসছে ‘প্রসঙ্গ শাহ আবদুল করিম’ এবং সম্পাদিত গ্রন্থ ‘কফিলউদ্দিন সরকারের গান’। তুষার তালুকদার প্রতিবছরই একুশে বইমেলার প্রাক্কালে কিছুটা তাগিদ অনুভব করি অন্তত একটা বই বের করার। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ যাত্রায় বের হতে যাচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ছোটগল্পের অনুবাদ সংকলন; নাম ‘নিবার্চিত ছোটগল্প: গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ’। মার্কেজ অনুবাদের পেছনে আমার প্রধানতম অনুপ্রেরণা কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। এ বইয়ের ছোটগল্পগুলো বাছাইয়ের ক্ষেত্রে একটু ভিন্নতা লক্ষণীয়। মার্কেজ-প্রেমীরা টের পাবেন বলে আমার বিশ্বাস। বেশিরভাগ গল্পই নেওয়া হয়েছে ‘স্ট্র্যানজ পিলগ্রিমস’, ‘আইস অব অ্যা ব্লু ডগ’ এবং ‘নির্বাচিত ছোটগল্প’ নামক ছোটগল্প সংকলন থেকে। কয়েকটি অগ্রন্থিত গল্পও অনুবাদ করা হয়েছে। স্বকৃত নোমান এবারের বইমেলায় আমার একটি উপন্যাস আসছে; বের করছে বিদ্যাপ্রকাশ। উপন্যাসটির বিষয়বস্তু বীর বাঙালি শমসের গাজী। আঠার শতকের মাঝামাঝি দক্ষিণ-পূর্ববাংলায় এই বিপ্লবীর অভ্যুদয় ঘটে। ‘বাংলার বীর’, ‘ভাটির বাঘ’ তাঁর উপাধি। মগ-পর্তুগিজ জলদস্যুদের বিরুদ্ধে তিনি গড়ে তোলেন এক লাঠিয়াল বাহিনী। তাঁর ভয়ে উপকূলীয় জনপদ থেকে বিতাড়িত হয় হার্মাদরা। প্রজাবিদ্বেষী কর্মকাণ্ডের বিরোধিতা করে রোষানলের শিকার হন ত্রিপুরারাজের। শুরু হয় তুমুল লড়াই। অধিকার করে নেন রাজ-সিংহাসন। শাসন করেন টানা এক যুগ। নবাব সিরাজউদ্দৌলা নিহত হওয়ার পর বেনিয়াদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় তাঁর। শুরু হয় আরেক লড়াই। অমীমাংসিত থেকে যায় তাঁর মৃত্যু। জোসনারাতে হীরকডানায় ভর করে জিন হয়ে, পাখি হয়ে উড়ে বেড়ান তিনি। সেই ইতিহাস ও কিংবদন্তি এ উপন্যাসের বিষয়। পিয়াস মজিদ এবারের মেলায় বেরিয়েছে আমার তৃতীয় কবিতাগ্রন্থ ‘গোধূলিগুচ্ছ’ আর সেই সঙ্গে দ্বিতীয় কবিতাগ্রন্থ ‘মারবেল ফলের মওসুম’-এর নতুন সংস্করণ। দুটো বই-ই প্রকাশিত হয়েছে শুদ্ধস্বর থেকে। বছরজুড়ে নানা পত্রপত্রিকায় প্রকাশিত কবিতাগুলোকে বছর শেষে বইয়ের আকার দিই। কিন্তু কবিতার বইয়ের ক্ষেত্রে একটি কেন্দ্রীয় চারিত্র্য নির্মাণের বিষয়টি কমই মাথায় থাকে। আমি মনে করি এই বিষয়টি নিশ্চিত না হলে নতুন কবিতাগ্রন্থ নয় বড়জোর সংকলনের জন্ম হতে পারে। আমার এবারের কবিতাগ্রন্থ ‘গোধূলিগুচ্ছ’র শারীর-কাঠামো নির্মাণে আমি এ সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করেছি। ফাতেমা আবেদীন নাজলা ১৩টি গল্প নিয়ে ‘ছায়া খুঁজে ফিরি’ নামের একটি গল্পের বই আসছে জাগৃতি প্রকাশনী থেকে। এটি আমার দ্বিতীয় বই। দৈনন্দিন সাদামাটা জীবনই আমার গল্পের মূল উপজীব্য। গল্পে বাবা মা হারানো এক এতিম ছেলে ঢাকা শহরে এসেছে। এই শহরে তাকে টিকে থাকতে হবে। এই নগরের অলিতে-গলিতে ভণ্ডামি। সেসব ভণ্ডামিকে আকড়ে ধরে সহজ সরল এক তরুণের প্রতারক হয়ে ওঠার গল্প। কিংবা ব্রিটিশ রাজবধূ কেটের মতো আমাদের নিশোর নিঃস্ব হওয়ার অজানা কথামালা। নুরুন নাহার খান ৪০টি কবিতা নিয়ে আমার চতুর্থ কবিতার বই ‘জ্যোত্স্না স্নানে ভেজাবো তোমাকে’। প্রকাশ করেছে পার্ল পাবলিশেন্স। আমার কবিতায় রোমান্টিকতা, নিম্নবর্গের দুঃখ-কষ্ট, স্বপ্ন-স্বপ্নভঙ্গের কথাই ধ্বনিত হয়েছে।