বই আলোচনা

আবুল আজাদ স্মারক গ্রন্থ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১২
আবুল আজাদ স্মারকগ্রন্থ সম্পাদনা পরিষদ :খালেদ হোসাইন, সালাম সাকলাইন, মোজাম্মেল হক নিয়োগী, জাকিরুল হক প্রকাশকাল :আগস্ট ২০১২, প্রচ্ছদ :হাশেম খান প্রকাশক :সাকি পাবলিশিং ক্লাব, মূল্য :৬৫০ টাকা ‘পালঙ্ক পৌরুষ’ কবিতার বইয়ের মাধ্যমে ১৯৮২ সালে আবুল আজাদের আবির্ভাব, আজ যেন নতুন মাত্রা পেল। কবি, কথাসাহিত্যিক, গবেষক, সংগঠন—নানা পরিচয়ে প্রতিনিয়ত নিজেকে উজ্জ্বল করছেন এ সাহিত্যিক। তিন দশকেরও বেশি সময় ধরে আবুল আজাদ সৃজনশীল সাহিত্য রচনা ও গবেষণার পাশাপাশি প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এ পর্যন্ত তাঁর রচতি ও সম্পাদিত মৌলিক ও গবেষণাগ্রন্থের সংখ্যা সব মিলিয়ে চল্লিশের ওপরে। এর মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক উপখ্যান ‘মেহেরজান’ (২০১১), ‘যুদ্ধকন্যা’ (২০০৯); গবেষণাগ্রন্থ ‘শওকত ওসমান: ঋষি মনীষা’ (২০০৯), ‘একাত্তরের বধ্যভূমি :নৃশংস গণহত্যা’ (২০০৮), ‘নজরুলের সমাজচিন্তা’ (২০০৫), ‘মুক্তিযুদ্ধে ত্রিপুরার সংবাদপত্রের ভূমিকা’ (২০০৪), ‘নজরুল ইসলাম-শওকত ওসমান :সমকাল সংস্কৃতি’ (২০০০), কবিতাগ্রন্থ ‘অঞ্জনা আর ফিরবেনা’ (২০০৬), ‘মহাকাব্য’ (১৯৯৩), ‘ভালোবাসার সন্ত্রাস’ (১৯৮৫), ‘বিদায় পরাভব’ (১৯৮৪) ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলা সাহিত্যে আবুল আজাদ নিজের অবস্থান সুদৃঢ় করে চলেছেন। সাহিত্যিক ও সংগঠক হিসেবে আবুল আজাদ এক রৌদ্রদীপ্ত নাম। ‘আমাদের দেশে গুণীদের কদর করা হয় না’, কিংবা গুণীরা বেঁচে থাকতে যোগ্য মর্যাদা পান না’—এ রকম নানা বক্তব্যের সমুচিত জবাব ‘আবুল আজাদ স্মারক গ্রন্থ’। গ্রন্থটি আবুল আজাদের পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে। এ রকম উদ্যোগ নিঃসন্দেহে আমাদের গ্লানি লাঘব করে। বইটি নানা কারণে গুরুত্বপূর্ণ বটে। এর মাধ্যমে আবুল আজাদের বহুমুখী কর্মপ্রতিভার উজ্জ্বল স্বাক্ষর আমাদের ঋদ্ধ করবে। প্রেরণা জোগাবে বলে বিশ্বাস করি। বইটি সম্পাদনা করেছেন ড. খালেদ হোসাইন, সালাম সাকলাইন, মোজাম্মেল হক নিয়োগী ও ড. জাকিরুল হক। পৃষ্ঠা ওল্টালেই তাদের পরিশ্রমের ছাপ লক্ষ করা যায়। তথ্যগত সমৃদ্ধির কারণে জানার আগ্রহকে যেন উসকে দেয়। দশটি পর্বে বিনস্ত বইটিতে আবুল আজাদের জীবন ও কর্মের নানা দিক উন্মোচনের চেষ্টা আছে। প্রথম পর্বে রয়েছে তাঁকে নিয়ে বিশিষ্ট জনের স্মৃতিচারণা ও কর্মের মূল্যায়ন। লিখেছেন মুস্তাফা নূরউল ইসলাম, আবু তাহের মজুমদার, আবুল হাসনাত, সাইদুস সাকলাইন, স্বপ্না রায়, মাসুদ করিম, আলী ইদ্রিস, মো. কামাল উদ্দিন, স. ম সিরাজুল ইসলাম, প্রিয়তোষ গুপ্ত, আবুল কালাম আজাদ পাটোয়ারী, তপন বাগচী প্রমুখ। রয়েছে আবুল আজাদকে নিবেদিত কবিতা; লিখেছেন খালেদ হোসাইন, কাজল চক্রবর্তী, বুলবুল মহলানবীশ, জহির বিশ্বাস প্রমুখ। পরবর্তী পর্বগুলোতে স্থান পেয়েছে আবুল আজাদের কবিতা, বইয়ের সূচি উল্লেখযোগ্য গবেষণাকর্ম, রচিত বইয়ের ভূমিকা অংশ। কিছু বইয়ের সূচি, সংবাদপত্রে আবুল আজাদের কর্ম নিয়ে মূল্যায়ন ও প্রতিবেদন ইত্যাদি। সবকিছু মিলিয়ে আবুল আজাদ স্মারকগ্রন্থ একটি পূর্ণাঙ্গ সংকলন এমন দাবির যথার্থ, বইটি গবেষক ও পাঠকের মনোযোগ আকর্ষণ করবে বলেই মনে করি। একজন সাহিত্যিক ও সংগঠককে বুঝতে এবং তাঁর মানস-প্রকৃতি চিনতে এ সংকলন বিশেষ গুরুত্ববহ।