চার মাস পর শেয়ারবাজারের লেনদেন পাঁচশত কোটি টাকার উপরে হয়েছে। দীর্ঘদিন লেনদেন মন্দা থাকার পর গত কয়েকদিন ধরে বাজারে লেনদেন বাড়ছে। লেনদেন বৃদ্ধির এ ধারাকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, লেনদেন বাড়তে থাকলে বাজারে প্রাণ ফিরে আসবে। বিনিয়োগকারীরাও আস্থা ফিরে পাবেন। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩০৪ পয়েন্ট, সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫১ মূল্যসূচক পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৫২ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ৮৭৫ টাকা। যা আগের দিনের চেয়ে ৬৯ কোটি ৬৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৭৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৯টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের। মোট ২৭৫টি কোম্পানির ১৪ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৩৬৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে।
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ১৭৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক ১৩৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬১২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৭ কোটি ৯২ লাখ ২৪ হাজার ২৬৪ টাকা। লেনদেনকৃত ২০২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ২৭টির আর অপরিবর্তিত ছিল ১৭টির শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্র জানিয়েছে, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া আর্গন ডেনিমসের শেয়ার লেনদেন আগামী ১৯ ফেব্রুয়ারি দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে শুরু হবে। এর আগে গত ৩০ ডিসেম্বর প্রতিষ্ঠানটির আইপিও ড্র অনুষ্ঠিত হয়। আইপিও পূর্ববর্তী আর্গন ডেনিমসের পরিশোধিত মূলধন ছিল ৩০ কোটি টাকা। আইপিও কার্যক্রম সমাপ্ত করার পর পরিশোধিত মূলধন দাঁড়াবে ৬০ কোটি টাকা। এ কোম্পানির আইপিওতে ফেস ভ্যালু ১০ টাকার সঙ্গে ২৫ টাকা প্রিমিয়াম নেয়া হয়েছে। এছাড়া ২০০টি শেয়ারের মার্কেট লট নির্ধারণ করা হয়।
