আফগানিস্তানে ন্যাটোর আকাশ হামলায় শিশুসহ নিহত ১০

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৬
ন্যাটোর আকাশ হামলায় ৫ শিশুসহ ১০ বেসামরিক আফগান নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে বুধবার এই ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। কুনার প্রদেশের শিগাল জেলায় হামলার বিষয়ে ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) নিশ্চিত করলেও হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেননি। কুনার প্রদেশের গভর্নর ফজলুল্লাহ ওয়াহিদি রয়টার্সকে বলেন, “বিদেশি বাহিনী আমাদের কোন ধরনের তথ্য না দিয়েই এই হামলা চালিয়েছে।” হামলায় ৪ তালেবান যোদ্ধা নিহত ও ৫ জন সাধারণ মানুষ আহত হয়েছেন বলে ওয়াহিদি জানান। ওয়াহিদি আরো জানান, চাওগাম গ্রামে চালানো এই আকাশ হামলায় ১০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। তারা স্থানীয় দুটি পরিবারের সদস্য। আইএসএএফ এর মুখপাত্র মেজর অ্যাডাম ওজাক জানান, তিনি এই দুর্ঘটনা সম্পর্কে সজাগ আছেন। তবে ঠিক কতজন হতাহত হয়েছেন এ ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য তার কাছে নেই। আইএসএএফ নিয়মিতই জোর দাবি জানিয়ে আসছে, সামপ্রতিক বছরগুলোতে বেসামরিক হতাহতের সংখ্যা কমে এসেছে।