‘সিরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে’ বলে দাবি করেছেন সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র জাহিদ মাকদিসি। বুধবার তিনি এই দাবি করেন। ২০১২ সালের নভেম্বরে সিরিয়া ত্যাগকারী ওই মুখপাত্র বুধবার বলেন, সিরিয়ার নৃশংস সহিংসতা বন্ধের কোন মধ্যস্ততার সম্ভাবনা না দেখেই তিনি সিরিয়া ত্যাগ করেছেন। তবে তিনি যুক্তরাষ্ট্র বা ইউরোপে পাড়ি জমাচ্ছেন বলে যে কথা উঠেছিল তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
নভেম্বরে এই কূটনীতিক সিরীয় সরকারের পক্ষ ত্যাগের ঘোষণা দিলেও কোথায় যাচ্ছেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি। জাহিদ মাকদিসি বলেন, ‘সিরিয়ার মাটিতেই যদি আমি থাকতে পারতাম তবে খুব ভাল হত। কিন্তু এই ভয়ানক পরিস্থিতি থেকে উত্তরণে কোনো সমঝোতা কিংবা ছাড়ের মনোভাব আমি দেখছি না।’ মাকদিসির এই বিবৃতি স্কাই নিউজ অ্যারাবিয়ায় সম্প্রচার করা হয়। পরবর্তী সময়ে তিনি এক টুইটারবার্তায় বিষয়টি নিশ্চিত করেন। সিরিয়া ত্যাগ করাকে তিনি সাময়িক অনুপস্থিতি হিসেবে দাবি করে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।’ তিনি সিরিয়ার জনগণকে জাতিকে রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, ‘আমি একটি যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছি, স্বাভাবিক কোন দেশ ত্যাগ করিনি।’
