ফয়সাল রাব্বিকীনের কথা ও আয়োজনে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হলো ভালবাসা দিবসের বিশেষ দ্বৈত গানের অ্যালবাম ‘লাভ ডুয়েটস’। এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় অ্যালবামটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উত্সব অনুষ্ঠানের। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য গীতিকবি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, বিশিষ্ট পপ সংগীতশিল্পী জানে আলম, স্বনামধন্য গীতিকবি হাসান মতিউর রহমান ও লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, ‘লাভ ডুয়েটস’ অ্যালবামের গীতিকার ও আয়োজক ফয়সাল রাব্বিকীন, অ্যালবামের শিল্পী-সংগীত পরিচালকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অ্যালবামের শিল্পীরা হলেন—ইবরার টিপু, নির্ঝর, মাহমুদ সানী, পূজা, বেলাল খান, কাজী শুভ, নাওমি, প্রিয়াংকা গোপ, আর্ণিক, পুলক, শশী, চম্পা বণিক, চৈতি মুত্সদ্দি, রাজু ও ফাজবির তাজ। অ্যালবামে বেলাল খান ও কাজী শুভ দুটি গানের সুর করেছেন। বাকি গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন ইবরার টিপু, মাহমুদ সানী, সজীব দাশ, তানভীর তারেক, রাকিব মোসাব্বির, মুশফিক লিটু ও অয়ন চাকলাদার। অ্যালবামের প্রায় সব শিল্পীরাই প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে গান করেছেন এখানে। অ্যালবামটি প্রসঙ্গে ফয়সাল রাব্বিকীন বলেন, ‘একটি মিক্সড অ্যালবাম আয়োজনে যে এতটা কষ্ট তা আগে বুঝিনি। তবে আমার পরিশ্রমলব্ধ গানগুলো সবার মন কেড়েছে এটাই আমার তৃপ্তির বিষয়। দীর্ঘদিনের একটি স্বপ্ন সফল হলো এটাই সবচেয়ে বড় ভালোলাগা।’
