মরিনহো ও ফার্গুসনের দৃষ্টি ফিরতি লেগে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৫
ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল’র প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো জানান, কোন কিছুই এখনও শেষ হয়ে যায়নি। মাদ্রিদের বার্নাব্যুতে এই খেলাটির পর প্রায় একই ধরনের মতামত মেলে সফরকারী কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের কাছ থেকেও। আগামী ৫ মার্চ ওল্ড ট্যাফোর্ডে ফিরতি ম্যাচে রিয়ালকে আতিথ্য দিবে ম্যানইউ। প্রতিপক্ষের মাঠে করা গোলের সুবাদে আসন্ন লড়াইয়ে স্বাগতিক হিসেবে কিছুটা হলেও এগিয়ে থাকবে ইংলিশ প্রিমিয়ার লীগে শীর্ষে থাকা দলটি। মরিনহো যদিও বিশ্বাস করেন ম্যানচেস্টারে গিয়েও তার দলের গোল করার সামর্থ্য রয়েছে। পোর্তো ও ইন্টার মিলানের হয়ে ইতোমধ্যেই চ্যাম্পিয়ন লিগ জয়ের স্বাদ পাওয়া মরিনহো খেলা শেষে বলেন, ‘ওল্ড ট্র্যাফোর্ডে আমরা অবশ্যই গোল করতে পারবো। এবারের মৌসুমে অনেক দলই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং আমরাও সেটা ভালভাবেই উপলব্ধি করতে পারছি। কারণ ইংল্যান্ডের ফুটবল সংস্কৃতি অন্তত এই প্রমাণ দেয় যে তারা কোনভাবেই রক্ষণাত্মক কৌশলে সেখানে খেলবে না। এখানে বিষয়টি খুবই সহজ- তারা যদি আগে গোল দেয় তবে আমাদের গোল শোধ করতে হবে, আর আমরা আগে দিলে ম্যাচে আমরাই এগিয়ে যাব।’ রিয়াল মাদ্রিদ কোচ অবশ্য বেশ ভালভাবেই বুঝতে পারছেন দ্বিতীয় লেগে দল চাপে থাকবে। কিন্তু বিষয়টিকে সহজভাবেই নিয়ে তিনি কোন চাপ অনুভব করছেন না বলেই জানান। তিনি মনে করেন বিপক্ষের মাঠে রিয়ালের গোল করার ক্ষমতা আছে, তাই এখন শুধু অপেক্ষার পালা। এদিকে গত বুধবারের এ লড়াইয়ে খেলোয়াড়দের নৈপুণ্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন ম্যানইউর ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন। বিশেষ করে গোলরক্ষক ডেভিড গিয়া এবং গোলদাতা ওয়েলবেক এবং ডিফেন্ডার ফিল জোনসের ভূয়সী প্রশংসা করেছেন ফার্গি। ফার্গুসন বলেন, ‘আমি মনে করি ডি গিয়া অসাধারণ খেলেছে। তার কল্যাণেই আমরা রিয়ালের চার থেকে পাঁচটি সুযোগ নষ্ট করতে পেরেছি। পুরো মৌসুমেই সে ভাল খেলেছে। প্রথমার্ধের খেলা নিয়ে আমি কিছুটা হতাশ ছিলাম। কিন্তু বুঝতে হবে বিপক্ষের মাঠে গোল পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখনও কোন কিছু শেষ হয়ে যায়নি। তবে সামনে এগিয়ে যাবার জন্য আমাদের একটি ভাল সুযোগ সৃষ্টি হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আমাদের দলে চারজন আক্রমণাত্মক খেলোয়াড় রয়েছে। তাই আমি মনে করি ঘরের মাঠে আমাদের জেতা উচিত ছিল। বিশেষ করে প্রথমার্ধে আমরা কিছুটা রক্ষণাত্মক খেললেও সুযোগও সৃষ্টি করেছিলাম। ঘরের মাঠে আমরা ভিন্ন কৌশলে খেলব। তাদের কাউন্টার অ্যাটাক বেশ ভাল। কিন্তু আমাদেরও সুনির্দিষ্ট কিছু লক্ষ্য আছে। উভয় দলেরই সুযোগ সমান। কিন্তু যে দল আগে গোল করবে তাদেরই ম্যাচে জেতার সম্ভাবনা বেশি।’ হাঁটুর ইনজুরির কারণে মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটানো অধিনায়ক নেমানজা ভিডিচকে কেন মূল একাদশে নামানো হলো না এমন প্রশ্নের উত্তরে ফার্গুসন জানান, তার থেকে জনি ইভান্স এবং রিও ফার্দিনান্দ ভাল বাছাই ছিল। বাসস