শালিখায় দুই হাজার হেক্টর জমিতে বোরো আবাদ কম হবে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৫
চলতি বোরো মৌসুমে ১৪ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে উপজেলা কৃষি বিভাগ। কিন্তু পর পর দু’বছর ধানের দাম কমে যাওয়া একই সাথে বীজ, সার, ডিজেল, বিদ্যুত্, বালাইনাশক ও কৃষি শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়াতে ধান চাষে লোকসানের মুখে চাষীরা ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিকল্প ফসল চাষের দিকে ঝুঁকে পড়েছে। গত বছর ২ হাজার হেক্টর জমিতে গম ও মুসুরি চাষ হলেও এবার দ্বিগুণেরও বেশি ৪ হাজার ৮শ’ একর জমিতে গম ও মুসুরির আবাদ হয়েছে। হাজরাহাটি গ্রামের চাষী নজরুল ইসলাম, কায়ুম মোল্যা, সেলিম উদ্দিন ও শামছুর রহমান জানান, ধান চাষে লোকসানের মুখে পড়ে তারা ধানের আবাদ কমিয়ে দিয়ে তরকারির চাষ শুরু করেছেন। এতে করে তারা ইতিমধ্যে ভাল টাকা আয়ও করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আজগর আলী বলেন, এবার গম ও মুসুরির চাষ দ্বিগুণ হওয়াতে ঐ পরিমাণ জমিতে ধানের আবাদ কমে যাবে। তিনি আশংকা প্রকাশ করে বলেন, এবার ১৪ হাজার হেক্টর জমির পরিবর্তে ১২ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হতে পারে। এর ফলে খাদ্য উদ্বৃত্ত উপজেলায় ধানের আবাদ প্রথমবারের মত কমে যাবে।