সরে দাঁড়ালেন সালমান বাট

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৬
অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়া প্রস্তাবিত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যানেজিং ডিরেক্টর সালমান সারোয়ার বাট পদত্যাগ করেছেন। তার পরিবর্তে অস্থায়ীভাবে এ দায়িত্ব পালন করবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরিচালক জাভেদ মিঁয়াদাদ। আর্থিক ইস্যুতে দেশটির প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পাকিস্তানের ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম আসরের একজন মূল ব্যক্তি ছিলেন পেশাদার ব্যাংকার বাট। ২০০৫ সালে প্রথম অনুষ্ঠিত টি-টোয়েন্টি টুর্নামেন্টের স্পন্সর করেছিল এবিএন আমরো ব্যাংক এবং সে সময় বাট ঐ ব্যাংকে কর্মরত ছিলেন। পাকিস্তানের ব্যবসায়িক মহলে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাট পিএসএল আয়োজনের জন্য ২০১১ সাল থেকে এর সঙ্গে সংশ্লি¬ষ্ট ছিলেন। এক বিবৃতিতে বাট বলেন, ‘২০১৩ সালের এপ্রিল পর্যন্ত আমার পরিকল্পনা এবং প্রতিশ্রুতির বিষয়টি এ পদে যোগদানের আগেই পিসিবিকে জানিয়েছিলাম। যে কারণে পিএসএল নিয়ে আমি তার কাজ করতে পারব না।’ তিনি আরও বলেন, ‘যেহেতু এখন লিগ সম্ভবত এপ্রিলের পরে অনুষ্ঠিত হবে তাই প্রথম আসরে আমি আর কাজ করতে পারব না। তাই খুব দেরি না করে অনতিবিলম্বে আমার পরিবর্তে একজনকে নিয়োগ দিতে সমঝোতার ভিত্তিতে আমরা রাজি হয়েছি। পিসিবি এবং পিএসএলকে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা করতে পারলে স্বাভাবিকভাবেই আমি খুশি হব। এমন কি লিগের সঙ্গে আমি সংশ্লি¬ষ্ট না থাকলেও।’ আগামী ২৬ মার্চ ৭ এপ্রিল পাকিস্তানে এ পিএসএল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দরপত্রে অংশ নিতে বিনিয়োগকারীদের কিছুটা সময় দিয়ে তা স্থগিত করা হয়। তবে মে মাসে এ লীগ অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। লিগ আয়োজন ও সময় নিয়ে পিসিবির একটি কমিটি কাজ করছে। যদিওবা নতুন তারিখ এখনো ঘোষণা করা সম্ভব হয়নি।—বাসস