নতুন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) দলের সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে বুধবার প্রথম অনুশীলন করলেন ডেভিড বেকহ্যাম। ফরাসী ক্লাবটির সঙ্গে চুক্তি করার দুই সপ্তাহ পর অনুশীলনে যোগ দিলেন বেকহ্যাম।
প্যারিসের পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠে পিএসজি’র অনুশীলন কেন্দ্রে অনুশীলনের আগে একটি উন্মুক্ত সেশনে সারা বিশ্বের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন ৩৭ বছর বয়সী বেকহ্যামের অনুশীলনে। ফ্রান্সের বেশকটি টেলিভিশন চ্যানেল অনুশীলন সেশনটি সরাসরি প্রচার করে।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ তে প্রথম লেগে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ২-১ গোলে বিজয়ী পিএসজি’র সদস্যদের সঙ্গে পরিচিত হওয়ার আগে দলীয় কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন বেকহ্যাম।
কাতারি মালিকানাধীন ক্লাবটির সঙ্গে জানুয়ারির শেষ দিকে পাঁচ মাসের চুক্তি করেন বর্ষীয়ান ইংলিশ তারকা বেকহ্যাম। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগে পিএসজি’র ম্যাচ দেখতে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে স্পেন সফর করেন তিনি। - বাসস/এএফপি
