কক্সবাজারে পিকনিক পাটির সাথে সংঘর্ষ

শিক্ষক-মেম্বারসহ ১০ শিক্ষার্থী আহত, ১৫টি গাড়ি ভাঙচুর

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৬
কক্সবাজার সিটি কলেজের পিকনিক বহরের একটি বাসে ধাক্কা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে গ্রামবাসী ও শ্রমিকদের সংঘর্ষে এক ইউপি মেম্বার এবং এক কলেজ শিক্ষকসহ অন্তত ১০ জন ছাত্র-ছাত্রী আহত হয়েছে। গুরুতর আহত দুই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা কক্সবাজার সিটি কলেজের গেটে ব্যারিকেড দিলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, কক্সবাজার সিটি কলেজের বার্ষিক পিকনিক উপলক্ষে ১৭টি বাস নিয়ে ৫ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী বুধবার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে যান। কক্সবাজারে ফিরে আসার সময় বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার খরুলিয়া বাজারে চকরিয়া লাইন পরিবহনের একটি বিপরীতমুখী বাস সিটি কলেজের একটি পিকনিক বাসকে ধাক্কা দেয়। এই ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা চকরিয়া লাইন নামক বাসের চালক ভেবে স্থানীয় ইউপি মেম্বার আবদুর রশিদকে (৩০) মারধর করে। এতে রশিদ মেম্বার রক্তাক্ত জখম হলে স্থানীয়রা এগিয়ে এসে সিটি কলেজের পিকনিক বাসে ভাঙচুর চালায় এবং কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে। পরে পিকনিক বাসের বহর কক্সবাজার বাস টার্মিনালে এসে চকরিয়া লাইনের একটি বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এ সময় শ্রমিকরা সংগঠিত হয়ে কয়েকজন ছাত্রকে মারধর এবং পিকনিক বাস আটকে দিলে শিক্ষার্থীরা কক্সবাজার সিটি কলেজ গেটে রাস্তায় ব্যারিকেড দিয়ে আরো কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অং সাংবাদিকদের বলেন, হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়েই শিক্ষার্থীরা গাড়ি ভাঙচুর করেছে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন জানান, ঘটনার পর দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার ব্যাপারে কোন পক্ষ থানায় কোন অভিযোগ দেয়নি বলে জানান তিনি।