সাড়ে তিন মাস অতিবাহিত হলেও বানিয়াচং উপজেলার মোহনপুর গ্রামের গৃহপরিচারিকা তাহেরা বেগম (২৩) হত্যা মামলার তদন্ত শেষ হয়নি। ২০১২ সালের ২৫ অক্টোবর রাতে উক্ত গ্রামের মৃত আব্দুল হেকিমের কন্যা তাহেরা বসতগৃহ থেকে নিখোঁজ হয়। পরদিন বাড়ির পার্শ্ববর্তী সাঙ্গরভাঙ্গা বিলের দক্ষিণ পাশে দেউরির বন্দে তার লাশ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। এ ব্যাপারে নিহতের মা আয়চান বিবি পার্শ্ববর্তী রাধাপুর গ্রামের আবু তালেব (২৬) ও আলামীন মিয়াসহ (২৫) ৮ জনকে আসামি করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য, ঘটনার পূর্বে উক্ত আসামিদ্বয় তাহেরাকে কুপ্রস্তাব দেয়। তাহেরা ব্যাপারটি আত্মীয়-স্বজনকে জানালে তারা ক্ষিপ্ত হয়। ধারণা করা হচ্ছে আসামিরা তাহেরাকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা করা হয়। নিহত তাহেরা ঢাকায় একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। বাড়িতে ছুটি কাটাতে এসে সে এ হত্যাকাণ্ডের শিকার হয়।
