আড়াইহাজারে সমিতির নামে ২৭ লাখ টাকা লোপাট
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ গ্রাহকদের ২৭ লাখ টাকা আত্মসাত্ করে পালানোর সময় বুধবার বিক্ষুব্ধ জনতা ইউনাইটেড সোস্যাল শ্রমজীবী সমিতির ম্যানেজারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সমিতির প্রতারক ম্যানেজারের নাম মাহাবুবুর রহমান টিটু (৩৫)। ঋণ দেয়ার নাম করে শ্রমজীবী মানুষের জমানো টাকা আত্মসাতের ঘটনাটি আড়াইহাজার উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরে বুধবার বিকালে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেয়ার অঙ্গীকার করে থানা থেকে মুক্তি পায়।
সরাইলে তিন বন্দুকসহ ডাকাত গ্রেফতার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ গত বুধবার সকালে সরাইলের রাজাপুর এলাকা থেকে পুলিশ ডাকাত কাউছারকে গ্রেফতার করেছে। এ সময় তার তথ্য অনুযায়ী পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিনটি বন্দুক উদ্ধার করে। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ আলম বকাউল জানান, গ্রেফতারকৃত কাউছার তালিকাভুক্ত ডাকাত।
নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উত্সব
নেত্রকোনা প্রতিনিধি\ নেত্রকোনা সাহিত্য সমাজের উদ্যোগে বুধবার মোক্তারপাড়ার বকুলতলায় দুইদিনব্যাপী সপ্তদশ বসন্তকালীন সাহিত্য উত্সব এবং খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। উত্সব উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য। অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি আল আজাদ, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ ইমরান, কবি আব্দুর রাজ্জাক, গবেষক সাহিত্যিক আলী আহমেদ আইয়ুব। পরে বিশিষ্ট কবি নুরুল হককে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ইউপি সদস্যের জেল
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা \ মাদক সেবনের অপরাধে ইউপি সদস্যকে ৩ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউপির ৮ নং ওয়ার্ড সদস্য শামসুল হুদা (৪০) প্রতিদিনের ন্যায় বুধবার মদ পান করে উপজেলা চত্বরে মাতলামি করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাকে গ্রেফতার করে ৩ মাসের বিনাশ্রম জেল দেন।
মধুপুর ও ধনবাড়িতে ছয় মাদক ব্যবসায়ী আটক
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার মধুপুর উপজেলার তিন মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করেছে। পালবাড়ির আব্দুল খালেক, গাছাবাড়ির সোবাহান ও শ্রীরামবাড়ির রাহেলা বেগমকে ১ কেজি গাঁজাসহ আটক করে। পরে ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মোহাম্মদ নাজমুস শোয়েব প্রথম ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও মহিলাকে ১ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে ধনবাড়ি থানা পুলিশ বুধবার নূরন্নবী, আলীম ও হালিম নামক তিন মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে চালান দেয়।
দুর্গাপুরে মোবাইল কোর্টের অভিযান
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম গতকাল দুর্গাপুর বাজারে অভিযান চালিয়ে সার, ডিজেল, খাবার দোকান, ট্রাক লরি ও অন্যান্য দোকানসহ ১১টি দোকান মালিককে ১১ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করে।
কুমিল্লা সরকারি টিচার্স টেনিং কলেজে পিঠা উত্সব
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার কোটবাড়িস্থ সরকারি টিচার্স টেনিং কলেজ প্রাঙ্গণে বুধবার বসন্তবরণ, পিঠা উত্সব ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কাসেম মিয়া এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি টিচার্স টেনিং কলেজের অধ্যক্ষ খালেদা আক্তার খানম ও উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ কেন্দ্র (এইচএসটিটিআই) কুমিল্লার পরিচালক প্রফেসর সুনীল চন্দ্র দাস।
নেত্রকোনায় আওয়ামী লীগের সম্মেলন
নেত্রকোনা প্রতিনিধি \ পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল ও নির্বাচন বুধবার দলীয় অফিসে অনুষ্ঠিত হয়। কাউন্সিল উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এরশাদ হোসেন। পরে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন মোঃ মোকশেদ আলী শেখ এবং সম্পাদক নির্বাচিত হন মোঃ রেজাউল আলম খান কমল।
গোদাগাড়ীতে তিন দিন ল্যান্ড ফোন অচল
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহীর গোদাগাড়ীতে ল্যান্ড ফোন অচল হয়ে আছে ৩ দিন ধরে। ফলে জরুরীভাবে যোগাযোগ করতে পারছে না গ্রাহকরা। বিশেষ করে ফায়ার সার্ভিসের ল্যান্ড ফোন অচল হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনার খবর পৌঁছাতে বিলম্ব হচ্ছে। বিটিআরসি সূত্রে জানা যায়, গোদাগাড়ী উপজেলা এক্সচেঞ্জের অধীনে ২৫০টি ল্যান্ড ফোন রয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা এক্সচেঞ্জের সহকারী প্রকৌশলী মুর্শেদুল আলম বলেন, ল্যান্ড ফোনকে সচল রাখতে এক্সচেঞ্জে পুরাতন যন্ত্রপাতি পাল্টিয়ে নতুন যন্ত্রপাতি স্থাপন করার কারণেই টেলিফোন সংযোগগুলো বিচ্ছিন্ন রয়েছে।
ভালুকায় বিনামূল্যে চক্ষু অপারেশন
ভালুকা সংবাদদাতা \ ভালুকা উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশন ও চিকিত্সা সেবা প্রদান করা হয়েছে। স্থানীয় এক্সপিরিয়েন্স টেক্সটাইল মিলস্্ লিমিটেডের আর্থিক সহযোগিতায় ও লায়ন্স ক্লাব অব ঢাকা মাস্টার মাইন্ড ও কিডনী এয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি ক্যাম্পস-এর উদ্যোগে ওই চক্ষু অপারেশন ও চিকিত্সা সেবা প্রদান করা হয়।
শিবালয়ের উথলী ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে চুরি
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয় উপজেলার উথুলী ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি হয়েছে। চোর বুধবার গভীর রাতে কেন্দ্রের দরজার তালা ভেঙ্গে ল্যাপটপ, কম্পিউটার, ডিজিটাল ক্যামেরাসহ মূল্যবান দ্রব্যসামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সিরাজগঞ্জে জাতীয় মহিলা সংস্থার ক্ষুদ্র ঋণ বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি \ গতকাল বৃহস্পতিবার শহরের একডালায় জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে সিরাজগঞ্জ জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মহিলাদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ, বিশেষায়িত আধুনিক ট্রেড প্রশিক্ষণ কর্মসূচি ও আইটি প্রশিক্ষণে অংশগ্রহণকারী মহিলাদের সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট অধ্যাপক মমতাজ বেগম। অনুষ্ঠানে ১৫ হাজার টাকা করে হতদরিদ্র মহিলাদের মাঝে ৮ লক্ষ টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
হোমনার ভাষানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি
হোমনা সংবাদদাতা \ কুমিল্লার হোমনা উপজেলার ৭নং ভাষানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে ভাষানিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম বিএসসিকে সভাপতি, মো. আবুল হাশেম সহ-সভাপতি, সাদেক হোসেন সরকারকে সেক্রেটারী ও রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ ও সেক্রেটারী সিদ্দিকুর রহমান আবুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হোসেনপুরে সরকারি কর্মচারীদের স্মারকলিপি
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। এসময় হোসেনপুর উপজেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি হারুন অর রশিদ ঢালী ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামানসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারী নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনার মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি \ ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ লক্ষ্যকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করার লক্ষ্যে বিশ্বব্যাপী একাত্মতা প্রকাশে গতকাল বৃহস্পতিবার ব্র্যাক নেত্রকোনা জেলার উদ্যোগে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে ব্র্যাকের সকল কর্মকর্তা-কর্মচারী, স্কুলের শিক্ষার্থী, শিক্ষকসহ সুধিজন অংশগ্রহণ করেন। সেখানে বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা কর্মকর্তা মিজানুর রাহমান।
দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ উপজেলার ইয়াকুবপুরের দক্ষিণ চানপুর গ্রামের উলাল মিয়ার বেক নামক স্থানে বৃহস্পতিবার ভোরে একটি কার পার্শ্ববর্তী খালে পড়ে গেলে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। নিহতরা হল- ইয়াকুবপুরের কায়েম পাটোয়ারী বাড়ির মৃত তোফাজ্জল হোসেনের পুত্র মোতাহের হোসেন মাসুদ (৩৮) ও একই গ্রামের চাকলাদার বাড়ির মৃত লুত্ফুল হকের পুত্র আবদুল আউয়াল (৪৫)।
লক্ষ্মীপুরে যুবলীগ নেতার দোকান পুড়িয়ে দিয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধি \ লক্ষ্মীপুর সদর উপজেলার রাধাপুরে যুবলীগ নেতার দোকান পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। বুধবার গভীর রাতে সদর উপজেলার রাধাপুর গ্রামের বালুয়া ভাংতি নামক স্থানে ইউনিয়ন যুবলীগ নেতা মনির হোসেনের মুদি দোকানে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে দোকানটি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।
ধামরাইয়ের কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজে ক্রীড়ানুষ্ঠান
ধামরাই সংবাদদাতা \ গত ১৩ ফেব্রুয়ারি উপজেলার কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতি ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ-উল-করিম।
ফুলবাড়ীয়ায় কান্দানিয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা \ ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভবানীপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিকেএম আনোয়ার হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ আউয়াল প্রমুখ।
পীরগঞ্জে বিনামূল্যে চক্ষুশিবির ১৭ ফেব্রুয়ারি
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ পীরগঞ্জের আলহাজ্ব মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্ট-এর উদ্যোগে, আন্ধারি হিলফে জার্মানির অর্থায়নে ও গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতাল, দিনাজপুরের সার্বিক সহযোগিতায় আগামী ১৭ ফেব্রুয়ারি পীরগঞ্জ পৌরসভা চত্বরে বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হবে। রোগীদের চক্ষু পরীক্ষা করে শুধু ছানি পড়া রোগীদের অপারেশন ও ল্যান্স সংযোজনসহ চিকিত্সার যাবতীয় ব্যয় ট্রাস্ট বহন করবে।
জয়পুরহাটে সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান
জয়পুরহাট প্রতিনিধি\ বিভিন্ন কলেজে অধ্যয়নরত জয়পুরহাটে উচ্চ মাধ্যমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সোনালী ব্যাংকের পক্ষ থেকে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার জয়পুরহাট চিনিকলের ডাকবাংলোতে চেক বিতরণ করা হয়। আঞ্চলিক কার্যালয়ের এজিএম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক রাজশাহী জোনের জিএম টিএম আফজাল হোসেন, জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. একরামুল হক প্রমুখ।
শ্রীপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা\ বুধবার বিকালে মাগুরার শ্রীপুর উপজেলার ৫টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অপূর্ব কুমার মণ্ডল জানান, পরিবেশগত ছাড়পত্র, ঝিকঝাক স্থায়ী চিমনি, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের শর্তাবলী মেনে না চলা ও নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগে ইটভাটা মালিকদের এ জরিমানা করা হয়।
নারী নির্যাতনের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি\ ‘নারী নির্যাতনের ঘটনায় নীরবতা আর না—আসুন প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ ও মানববন্ধন করেছে ব্র্যাক চাঁপাইনবাবগঞ্জ সদর। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা প্রতিনিধি মোতারফ হোসেন, ক্ষুদ্রঋণ শাখার আঞ্চলিক ব্যবস্থাপক ইন্দ্রজিত কুমার পাল, ব্র্যাক স্বাস্থ্য বিভাগের জেলা ব্যবস্থাপক খাইরুল আলম, ফরিদা আকতার, নাসিমা বেগম প্রমুখ।
আমতলীতে আন্তঃজেলা দুই ডাকাত সর্দার গ্রেফতার
আমতলী (বরগুনা) সংবাদদাতা\ আমতলী উপজেলার খেকুয়ানী গ্রাম থেকে পুলিশ বুধবার রাতে দুই আন্তঃজেলা জাকাত সর্দারকে গ্রেফতার করেছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতিকালে কামাল প্যাদা (৩০) ও কামাল মাতুব্বর (৩২) নামে দুই ডাকাত সর্দারকে বুধবার পুলিশ দুটি ধারাল অস্ত্রসহ গ্রেফতার করেছে।
পঞ্চগড়ে সাহিত্য সংসদের কমিটি গঠন
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ বোদা সাহিত্য সংসদের কবিরাজ মো. শওকত আলী সভাপতি ও মো. লিহাজ উদ্দীন মানিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বুধবার বোদা সাহিত্য সংসদের অস্থায়ী কার্যালয়ে মো. শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক মো. লিহাজ উদ্দীন মানিক, কবি নিরঞ্জন বর্মণ, ধনেশ, তারেক, জহিরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নান্দাইলে সৌদি বিএনপি’র সভাপতিকে সংবর্ধনা
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ বিএনপি’র সৌদি আরব শাখার নবনির্বাচিত সভাপতি এ কে এম রফিকুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপি’র একাংশ। বুধবার বিকালে সংবর্ধনা উপলক্ষে শিল্পপতি রফিকুল ইসলামের নান্দাইল পৌর শহরের বাসভবন প্রাঙ্গণে এক সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন নান্দাইল পৌর বিএনপি’র সভাপতি দীপক চন্দ্র রায়।
গোমস্তাপুরে গৃহিণীর আত্মহত্যা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ গোমস্তাপুরে সালমা (২০) নামে এক গৃহিণী বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রহনপুর ইউনিয়নের আসানপুর গ্রামে। স্থানীয়রা জানায়, আনোয়ার ও তার স্ত্রী সালমা মধ্যে মঙ্গলবার সকালে ঝগড়া বাধে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
