বাংলাদেশের বিপক্ষে নেতৃত্বে ম্যাথুস

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে শ্রীলংকাকে নেতৃত্ব দিবেন অল রাউন্ডার অ্যাঞ্জোলো ম্যাথুস। অভিজ্ঞ মাহেলা জয়বর্ধানের পরিবর্তে লংকান টেস্ট এবং ওয়ানডে দলের নতুন নেতৃত্ব দেয়া হয়েছে এই খেলোয়াড়কে। দুই ধরনের ফরমেটে তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল। তবে টি-টোয়েন্টি ম্যাচে চান্ডিমালকে দলের অধিনায়ক মনোনীত করা হয়েছে। টি-টোয়েন্টি ফরমেটে সহ-অধিনায়ক করা হয়েছে লাসিথ মালিঙ্গাকে। আগামী ১১ মাসের জন্য শ্রীলংকার নেতৃত্বে এই পরিবর্তন আনা হয়েছে বলে বোর্ড সূত্রে জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার সফরের পরেই জয়বর্ধানে তার দায়িত্ব ছেড়ে দিবেন বলে ধারণা করা হয়েছিল এবং তার পরিবর্তে ম্যাথুসের দায়িত্ব গ্রহণ প্রায় নিশ্চিত ছিল। অন্যদিকে দলে এই মুহূর্তে চান্দিমাল নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে পাঁচটি টেস্ট এবং ৫০টি ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছেন। আগামী ৮ মার্চ থেকে বাংলাদেশের বিপক্ষে গলে প্রথম টেস্ট শুরু হচ্ছে। সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ম্যাচ ছাড়াও একটি টি-টোয়েন্টি ম্যাচও রয়েছে। মূল সিরিজের শুরুতে তিনদিনের একটি অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দুই টেস্টকে সামনে রেখে অস্ট্রেলিয়া সফরের দল থেকে বেশ কয়েকজন খেলোয়াড় বাদ পড়েছেন। তাদের পরিবর্তে দলে সুযোগ দেয়া হয়েছে নতুনদের। বাদপড়া খেলোয়াড়দের মধ্যে থিলান সামারাভিরা অন্যতম। তার সাথে আরো আছেন ওপেনার থারাঙ্গা পারানাভিতানা এবং উইকেটরক্ষক প্রসন্ন জয়বর্ধানে। ২০১১ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলার পরে দলে ফিরে এসেছেন অভিজ্ঞ ডান হাতি স্পিনার অজন্তা মেন্ডিস। ২০১৩ সালের ইংলিশ কাউন্টিতে ওস্টারশায়ারের পক্ষে চুক্তিভুক্ত হয়েছেন সামারাভিরা। কিন্তু গত বছর তিনি ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হন। ব্যাট হাতে ৩২.৫০ গড় তারই প্রমাণ। অস্ট্রেলিয়া সফরেও তিনি ছিলেন ব্যর্থ। ছয় ইনিংসে তার ব্যাট থেকে একটি হাফ সেঞ্চুরিও আসেনি। টেস্ট স্কোয়াডে পারানাভিতানা থাকলেও কোন ম্যাচ খেলেননি। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন দিমুথ করুণারত্নে। এদিকে আঙ্গুলের ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফরের মাঝখানেই দেশে ফিরে আসতে হয়েছিল প্রসন্ন জয়বর্ধানেকে। ইনজুরি কাটিয়ে সুস্থ হলেও বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে তাকে বিবেচনা করা হয়নি। তার পরিবর্তে উইকেটের পিছনে দায়িত্ব সামলাবেন চান্ডিমাল। ঘোষিত স্কোয়াডে চারজন রয়েছেন নতুন খেলোয়াড় এবং ছয়জনের এখনও টেস্ট খেলার সুযোগ হয়নি। ব্যাটসম্যান আশেন সিলভা এবং কিথুরুয়ান ভিথাঙ্গে, সীমার দুশমান্থা চামিরা এবং অফ স্পিনার থারিনডু কুশাল এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে শ্রীলংকাকে প্রতিনিধিত্ব করেননি। অন্যদিকে উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশাল জানিথ পেরেইরা এবং লেগ স্পিনার অল রাউন্ডার জীবন মেন্ডিস ওয়ানডে ক্রিকেট খেললেও টেস্ট দলে সুযোগ পাননি। হাতের হাড়ে চিড় ধরা লংকান অভিজ্ঞ উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারার সুস্থতার উপর তার খেলা নির্ভর করছে। অস্ট্রেলিয়া সফরে তিনি এই ইনজুরিতে পড়েন। - বাসস টেস্ট স্কোয়াড অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল (সহ-অধিনায়ক), তিলকেরত্নে দিলশান, দিমুথ করুণারত্নে, আশেন সিলভা, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমানে, মাহেলা জয়বর্ধানে, কুশাল জানিথ পেরেইরা, জীবন মেন্ডিস, কিথুরুয়ান ভিথাঙ্গে, অজন্তা মেন্ডিস, সুরাজ রানদীব, নুয়ান কুলাসেকারা, সামিন্তা ইরাঙ্গা, চানাকা ওয়েলেগেদারা, নুয়ান প্রদীপ, দুশমান্তা চামিরা, রাঙ্গানা হেরাথ, থারিনডু কুশাল।