কাতার ওপেন

তৃতীয় রাউন্ডে আজারেঙ্কা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
বিশ্বের এক নম্বর মহিলা খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কা কাতার ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন। তবে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে বিস্ময় জাগানো স্লোয়ান স্টিফেন্সকে। টানা দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সুখস্মৃতি নিয়ে দোহায় আসা আজারেঙ্কার দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ ছিলেন সুইজারল্যান্ডের রোমিনা ওপরান্দি। গত বুধবার অনুষ্ঠিত প্রথম ম্যাচে ওয়াকওভার পাওয়ার পর এই ম্যাচ দিয়েই আবার কোর্টে ফেরেন এই বেলারুশ তারকা। অ্যাজারেঙ্কা অবশ্য বেশ কিছু দিনের বিরতি বলেই দৃশ্যত ম্যাচের প্রথম দিকে একটু আড়ষ্ট ছিলেন। তবে একবার ছন্দে ফেরার পর আর সমস্যা হয়নি। তার দুর্দান্ত পাওয়ার টেনিসের সামনে দাঁড়াতেই পারেননি ওপরান্দি। একতরফা খেলে আজারেঙ্কা ম্যাচটি জিতে নেন ৬-২, ৬-৩ গেমে। তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ আমেরিকার ক্রিস্টিন ম্যাকহেইল। আজারেঙ্কার জয়ের দিনে হেরে গেছেন আমেরিকার স্লোয়ান স্টিফেন্স। ক্লারা জাকোপালোভা ৪-৬, ৭-৬(৫), ৭-৬(৫) গেমে হারিয়েছেন তাকে। হতাশ স্টিফেন্স কাতারের অতিরিক্ত উস আবহাওয়াকেই পরাজয়ের কারণ মনে করছেন, ‘কঠিন একটা ম্যাচ ছিল এটা। চারপাশের পরিবেশও আমার অনুকূলে ছিল না। তবে স্বীকার করতেই হবে ক্লারা দারুণ খেলেছে।’ দিনের অন্যান্য খেলায় জয় পেয়েছেন র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা অ্যাগনেইস্কা রাদওয়ানস্কাও এবং ক্যারোলিন ওজনিয়াকিও। রাদওয়ানস্কা ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন আনস্তাসিয়া রদিওনোভাকে। আর ওজনিয়াকি রোমানিয়ার সরোনা ক্রিস্টিয়াকে হারিয়েছেন ৭-৬(৭), ৬-০ গেমে।