শেষ চারে দুরন্ত রাজশাহী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৭
রংপুর রাইডার্সের বিপক্ষে গতকাল সন্ধ্যায় বরিশাল বার্নার্সের জয়ে নাটকটা জমে উঠল। রংপুর, বরিশাল ও দুরন্ত রাজশাহী—তিন দলের পয়েন্ট হয়ে গেল সমান। আর এসব নাটকীয় পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিরায়ত স্বভাবমতো বিপিএল গর্ভনিং কাউন্সিলও ‘নাটকীয়’ আচরণ শুরু করল। ফলে তিন দলের মধ্যে কে পয়েন্ট তালিকার চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে যাচ্ছে, তা নিয়ে বেশ খানিকক্ষণ বিভ্রান্তি চললো। অবশেষে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির সদস্য রকিবুল হাসান নিশ্চিত করলেন, ‘তিন দলের পয়েন্ট সমান হওয়ায়, এদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ জেতায় সেমিফাইনালে উঠেছে রাজশাহী’। এসব নাটকের কিছুই হতো না, যদি ‘ফেবারিট’ রংপুর জয় পেত। তা হয়নি। বরিশালের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে তারা ২৬ রানে। বরিশাল নির্ধারিত ৭ উইকেটে করেছিল ১৩৯ রান। জবাবে ইনিংসের ঠিক শেষ বলে ১১৩ রানে অলআউট হয়ে গেছে রংপুর। এরপরই শুরু হয়েছে নাটক। গতবারের নাটকের কথা এখনো সবার মনে জ্বলজ্বল করে জ্বলছে। বিপিএল কমিটি সন্ধ্যায় ঘোষণা দেয়, বরিশাল বার্নার্স সেমিফাইনালে উঠেছে। সন্ধ্যার পর ফের বিপিএল কমিটি থেকে ঘোষণা আসে চিটাগাং কিংস সেমিতে উঠেছে; কিন্তু রাতের অন্ধকারে বাইলজ পরিবর্তন করে হেড টু হেড হিসাব করে বরিশালকে সেমিফাইনালে তুলে দেয়া হয়। এ নিয়ে জল কম ঘোলা হয়নি। গতবারের কথা সবার মনে থাকাতেই কাল যেন বিপিএল কমিটির কেউই মুখ খুলছিলেন না। এমনকি পরাজিত দলের অধিনায়ক আব্দুর রাজ্জাকও কাল ম্যাচ শেষে জানালেন, ‘আমরা টুর্নামেন্টের বাইলজ সম্বন্ধে তেমন কিছুই জানি না। তবে এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে, তাতে জানা গেছে আমরা বাদ’। ম্যাচ জেতা বরিশাল বার্নার্সের অধিনায়ক ব্র্যাড হজও টুর্নামেন্টের বাইলজ সম্বন্ধে জানেন না বলে কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা এ বিষয়ে কিছুই জানি না’। গতকাল বৃহস্পতিবার লিগ পর্বের এই ম্যাচটি রাজশাহীর কাছে যেমন গুরুত্বপূর্ণ ছিল, ঠিক ততটাই রংপুরের কাছে। কারণ তারা জিতলেই সেমিফাইনালে যাবে। তবে বরিশালের কাছে ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুর ১৪০ রানও করতে না পারাটা দলের জন্য আফসোস। সেটা স্বীকার করেছেন রংপুরের অধিনায়ক রাজ্জাক, ‘হ্যাঁ, বড় সুযোগতো ছিল; কিন্তু মিস তো মিস, যেটা হয়ে গেছে সেটার সম্বন্ধে বলার কিছু নেই’। ১২ ম্যাচে রংপুরের সংগ্রহ ১০। টুর্নামেন্টের শুরু থেকে দারুণ ক্রিকেট খেলেছে তারা। বিপিএলের প্রথম দল হিসেবে যে পারফর্ম তারা করেছে, তার জন্য প্রশংসিতও হয়েছে রংপুর। কাল প্রাপ্তি স্বীকার করতে গিয়ে রাজ্জাক বলেন, ‘ঢাকা গ্ল্যাডিয়েটরস ও সিলেট রয়েলসের মতো টিম ছিল না আমাদের। আমরা যখন খারাপ খেলছিলাম, তখন সবাই ফোন করে বলাবলি করতো। আমারও খারাপ লাগছিল, তবে এরপর আমরা ভালো খেলেছি। আমাদের দলটা ভারসাম্যপূর্ণ ছিল, সবকিছু মিলে ভালো হয়েছে’। পুরো টুর্নামেন্টে এত ভালো করার পর কাল বরিশাল বার্নার্সের ১৩৯ রানও ছুঁতে না পারাটা রংপুরের জন্য দুঃখজনক। এর কারণ অবশ্য ব্যাখ্যা করলেন রাজ্জাক, ‘প্রথম তিন ওভারের মধ্যে আমাদের চারটি উইকেট পড়ে যায়। সেখান থেকে ১০০ রান করাটাও কঠিন হয়ে পড়েছিল। আর তিন ওভারের মধ্যে চার উইকেট পড়লে ১৪০ রান তখন ১৯০ রানের মতো লাগে। আসলে ব্যাটসম্যানরা কাল নিজেদের প্রমাণ করতে পারেননি’। বিপিএল তাদের শেষ। এখন চলছে টুর্নামেন্টের ময়নাতদন্ত। সেই ফিরে দেখতে গিয়ে রাজ্জাক মনে করছেন, পারিশ্রমিকের বিষয়টাই বিব্রতকর তাদের জন্য, ‘আমি বলবো গতবারের চেয়ে বিপিএল এবার সুসংগঠিত হয়েছে; কিন্তু কথা থেকে যায় খেলোয়াড়দের পারিশ্রমিক বিষয়টি নিয়ে। যদিও স্থানীয় খেলোয়াড়দের পারিশ্রমিক বিষয়টির দায়িত্ব নিয়েছে বিসিবি, তাই সেটা নিয়ে অতো কিছু চিন্তা করছি না’। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে চিন্তিত নন রাজ্জাক; কিন্তু বরিশাল বার্নার্সের অধিনায়ক হজ বলে গেলেন, ‘এরকম ঘটনা ঘটলে আন্তর্জাতিক ক্রিকেটার বিপিএল খেলতে আসবে না। বিসিবি দায়িত্ব নিলেও আগামী বার খেলোয়াড়রা চিন্তা-ভাবনা করবে’। কাল বরিশাল জেতায় বিপিএলের শেষ চারের লাইন-আপ নির্ধারণ হয়ে গেছে। ঢাকা গ্ল্যাডিয়েটরস, সিলেট রয়েলস, চিটাগাং কিংস এবং দুরন্ত রাজশাহী। আজ এলিমেনেটর ম্যাচে ঢাকা ও সিলেট মুখোমুখি হবে। আগামীকাল দুরন্ত রাজশাহী ও চিটাগাং কিংস খেলবে। আজ যারা জিতবে তারা কালকের ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে খেলবে। সংক্ষিপ্ত স্কোর বরিশাল বার্নার্স- ২০ ওভারে ১৩৯/৭ (মাহরুফ ৩৪, কাপালি ২৫, সানি ২০, হজ ১৯, মাস্টার্ড ১৮, সাজু ৩/২৩ ও ব্রেইন ২/৩১)। রংপুর রাইডার্স- ২০ ওভারে ১১৩/১০ (বর্গাস ৩২, হায়াত ২৫ ও ব্রেইন ২৯, হামিদ ৩/২২, নাজমুল ২/১৯, মাহরুফ ২/৩০)। ম্যান অব দ্য ম্যাচ: হামিদ হাসান। ফল: বরিশাল বার্নার্স জয়ী ২৬ রানে।