মোহামেডান ও বিজেএমসি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বেও ১-১ গোলে ড্র করলো। লিগের প্রথম পর্বে বিজেএমসি প্রথমে গোল করে এগিয়ে গেলেও মোহামেডান শেষ দিকে সমতা এনে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছিল। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও তাই হলো। দলদুটির ড্রয়ে গোল করেন বিজেএমসির এলিটা কিংসলে এবং মোহামেডানের মরিসন।
বিজেএমসি এই ড্রয়ের কারণে উপরে উঠার লড়াইয়ে হোঁচট খেলো। ভাগ্য খারাপ তাদের। নইলে গোল করে এগিয়ে থেকেও তারা ম্যাচ জিততে পারছে না। সারাক্ষণ ম্যাচটা হাতের মুঠোয় রেখে শেষ দিকে একটু মনোসংযোগের ঘাটতিতে জয় হাতছাড়া হচ্ছে।
শুধু মোহামেডান কেন, আগের ম্যাচে শেখ রাসেলের মতো বড় দলের বিরুদ্ধে এই বিজেএমসি দুই গোল করে এগিয়ে থেকে চার গোল হজম করে। ভালো খেলে গোল করে এগিয়ে থেকেও লিগে অনেক ম্যাচই হেরেছে অফিস দলটি। কালও সেটাই ঘটেছে মোহামেডানের বিরুদ্ধে।
তখন খেলার ৪৫ মিনিট শেষ, ইনজুরি টাইম চলছে। আক্রমণে বিজেএমসি। তপু বর্মনকে কাটিয়ে বলটা পেছন দিকে মোহামেডানের ছোট বক্সে বিজেএমসির নাইজেরিয়ান এলিটা কিংসলের পায়ে বল ঠেলে দেন গিনির ইসমাইল বাঙ্গুরা। এলিটা কিংসলের পায়ে বল, তার দশ গজের কাছে মোহামেডানের ডিফেন্ডার ক্যামেরুনের বাইবেক, ইয়ামিন, মিন্টু শেখ ছিলেন। কিন্তু একজন ফুটবলারও তাকে বাধা দিতে গেলেন না। সেই সুযোগে চতুর এই ফুটবলার এলিটা কিংসলে মুহূর্তের মধ্যে বাঁ পায়ে মাটি কামড়ানো শটে রজনীবিহীন মোহামেডানের জালে বল পাঠান (১-০)। এই এলিটাই আবার দ্বিতীয়ার্ধে সহজ একটি সুযোগ পেয়েও গোল বঞ্চিত করেছেন বিজেএমসিকে। গোলকিপার মামুন খানকে একা পেয়ে বল বাইরে মারেন তিনি।
মাঝমাঠে ভালো খেলছিলেন মোহামেডানের মারুফ। তিনি বেশ কয়েকবার গোলের সুযোগও তৈরি করে দিয়েছিলেন। কিন্তু স্ট্রাইকাররা সুযোগ পেয়েও বল জালে রাখতে পারেননি। এর মধ্যে ৮৮ মিনিটে আক্রমণে উঠে মোহামেডান। ঘানাইয়ান স্ট্রাইকার ওসে মরিসনকে ঠেকাতে পারেননি সামনে থাকা বিজেএমসির ডিফেন্ডার ওবায়দুর এবং পেছনে দাঁড়ানো অধিনায়ক অমিত খান শুভ্র। বলটা পাওয়া মাত্রই মরিসন বাঁ পায়ে শট করলে বিজেএমসির জালে জড়িয়ে যায় বল (১-১)। বিজেএমসির নিশ্চিত জয়টা ঠেকিয়ে দেন এই ফুটবলার। মাত্র দুই মিনিট নিজেদের অগ্রগামিতা ধরে রাখতে না পেরে হতাশায় মাথায় হাত দিয়ে বসে পড়েন বিজেএমসির একাধিক ফুটবলার। ড্র করেও আনন্দে ভেসে যান মরিসন। মোহামেডানের ১২ ম্যাচে ( ৫ জয়, ১৭ পয়েন্ট, স্থান চতুর্থ) গোল হয়েছে ১৩টি, এর মধ্যে মরিসনের গোল লিগের একমাত্র হ্যাটট্রিকসহ নয়টি। বিজেএমসির ১২ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে।
আজকের খেলা
আরামবাগ ঃ সকার ক্লাব
(ভাষা শহীদ সালাম স্টেডিয়াম, ফেনী, তিনটা)
