যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতে দেশব্যাপী নাশকতা হচ্ছে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০১
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, সাম্প্রতিক সময় জামায়াত-শিবিরের দেশব্যাপী যে অপতত্পরতা শুরু হয়েছে তার মূল উস্কানিদাতা বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে আলাপকালে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই দেশব্যাপী নাশকতা কর্মকাণ্ড করা হচ্ছে। চলতি সংসদ অধিবেশনে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে বিল আনা হচ্ছে কি-না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, গোটা জাতি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি করছে। পত্র-পত্রিকায় দেখেছি সংসদে বিল আনা হতে পারে। শাহবাগ আন্দোলনকে আওয়ামী লীগ নিজের নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে শামসুল হক টুকু বলেন, আন্দোলন বিরোধীদলের বিরুদ্ধে যাওয়ায় তারা চক্রান্ত করছে।