বিদেশগামী সন্দেহভাজন কাউকে অফলোড করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে ক্ষমতা প্রদান এবং তাদের আইনি সুরক্ষার বিধান করতে মন্ত্রণালয়ের করা সুপারিশ প্রত্যাখ্যান করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার জাতীয় সংসদ ভবনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ কথা মন্ত্রণালয়কে জানানো হয়। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে কমিটি বলেছে অফলোড করা হলেই বিদেশগামীদের হয়রানি বন্ধ কিংবা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করা যাবে না। উল্টো ক্ষমতাপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাছে বিদেশগামীরা নতুন করে আরো হয়রানিতে পড়তে পারেন। সে জন্য মন্ত্রণালয়ের সুপারিশ কার্যকর না করার পক্ষে মত দিয়েছে কমিটি।
বাংলাদেশি নাগারিকরা যাতে দেশ ও বিদেশে বাংলাদেশ দূতাবাস বা মিশন থেকে সহজে পাসপোর্ট পায় সে বিষয়ে কমিটি সুপারিশ করেছে। এ জন্য জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন সনদ অথবা অন্যান্য কাগজ-পত্রাদির যাচাই-বাছাইকরণ বিষয়ে নয়টি সুপারিশ করা হয়েছে। সুপারিশ কার্যকর হলে রোহিঙ্গারা পাসপোর্ট পাবে না বলে কমিটি মনে করে।
