হাতে হাতে গোলাপ আর বই

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০১
গতকাল বৃহস্পতিবার ছিলো বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার পরশ লেগেছিলো অমর একুশে বইমেলাতে। ভালোবাসার মানুষকে বই উপহার দিতে অনেকেই এসেছিলেন বইমেলায়। অনেকেই প্রিয়জনকে লাল গোলাপের সাথে দিয়েছেন প্রিয় লেখকের বই। মেলায় প্রবেশের সময় প্রিয়জনের হাত ধরা হাতে ছিল ফুল আর বের হওয়ার সময় ছিল ফুলের সঙ্গে বই। মেলায় বেচাবিক্রি ছিল ভালো। আগের দিন পহেলা ফাল্গুন আর পরের দিন ভালোবাসা দিবস- সবমিলিয়েই এ দুইদিনের বেচাবিক্রি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে প্রকাশকদের। অনন্যা প্রকাশনীর মনিরুল হক বলেন, ‘আজকের দিনটি (গতকাল) তো কথা বলা আর ভালোবাসা আদান-প্রদানের দিন। এমন দিনে বই পড়ার সময় কই! তারপরও বেচাবিক্রি বেশ ভালোই হচ্ছে। পহেলা ফাল্গুনের থেকে ভালো বিক্রি হয়েছে। ঐহিত্য’র বিক্রয় কর্মকর্তা আমজাদ হোসেন কাজল বলেন, ‘বেচাবিক্রি বেশ ভালো হয়েছে। সবাই প্রিয়জনকে সাথে নিয়ে মেলায় এসেছে, বই কিনছে। ভালোবাসার এ দিনে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ভালোবাসার গল্প নিয়ে রচিত উপন্যাস আর প্রেমের পদাবলী।’ আলোকিত হলো বইমেলা:মঙ্গলবার শাহবাগ প্রজন্ম চত্বরের তরুণদের ডাকে তিন মিনিট নীরব ছিলো বইমেলা। বৃহস্পতিবার তাদের ডাকে মোমের আলোয় আলোকিত হলো বইমেলা। সন্ধ্যা ঠিক সাতটায় বাংলা একাডেমীর মূল ফটকের সামনে একাডেমী কর্তৃপক্ষ মোমবাতি প্রজ্বলন করে তরুণদের প্রতি সংহতি প্রকাশ করে। এ সময় বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানসহ একাডেমীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন প্রকাশনীর প্রকাশকবৃন্দ ও বইমেলায় আগত পাঠক-দর্শনার্থীরাও অংশ নেন। নজরুল মঞ্চের চিত্র :বৃহস্পতিবার একাডেমীর নজরুল মঞ্চে ৮টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বিশ্ব ভালোবাসা দিবসে মেলায় এসেছে জেমরিনা হকের প্রেমের কাব্যগ্রন্থ ‘পাতা আর ভূঁই। ভালোবাসা, প্রেম-বিরহ আর সম্পর্কের অম্ল-মধুর কিছু মুহূর্তের হূদয় নিংড়ানো ভালোবাসার কথোপকথনের এই বইটির মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক আনিসুল হক। বইটি প্রকাশ করেছে জাগৃতি। এছাড়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন একুশে বাংলা প্রকাশন প্রকাশিত রহমান মুস্তাফিজের ‘বাঘ মামার বিয়ে’, নাট্যজন মামুনুর রশীদ শিলা প্রকাশনী থেকে প্রকাশিত শেখ জাহিদ আজিমের ‘যাত্রা ও নাট্য সংকলন’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। নতুন বই :একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, মেলার ১৪তম দিনে ১২১টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে গল্প ১৮টি, উপন্যাস ২২টি, প্রবন্ধ ৩টি, কবিতা ৩৪টি, ছড়া ৩টি, শিশুতোষ ৪টি, জীবনী ২টি, মুক্তিযুদ্ধ ১, নাটক ২টি, বিজ্ঞান ২টি, ইতিহাস ১, রাজনীতি ১, চিকিত্সা/স্বাস্থ্য ২, রম্য/ধাঁধা ২টি, অনুবাদ ৩ এবং অন্যান্য বিষয়ের উপর ২১টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে আমজাদ হোসেনের ‘অবেলায় অসময়’, হুমায়ুন সাদেক চৌধুরীর ‘এক কিশোরের মন’, আমির হোসেনের ‘যুদ্ধ ও প্রেম : ১৯৭১’, রহীম শাহের ‘খুকি ও কাঠবেড়ালি’, আশরাফ আল দীনের অনূদিত ‘আইভান মেলভিন রজার্সের দ্য চাইল্ড সোলজার’, উত্স এনেছে আইরীন নিয়াজী মান্নার ‘হোচিমিন’, চারুলিপি এনেছে শ্যামসুন্দর সিকদারের ‘অন্তরে অন্তরে টানে নিরন্তর’, ইত্যাদি গ্রন্থ প্রকাশ আনে যতীন সরকারের ‘মানবমন, মানবধর্ম ও সমাজবিপ্লব’ অপূর্ব কুমার কুণ্ডু ‘অস্কার প্রাপ্ত চলচ্চিত্র’, কলি প্রকাশনী এনেছে হাসান হাফিজের ‘অদ্ভূতুড়ে ভূতের গল্প’. মূর্ধণ্য আনে মনজুরে মওলার ‘কী উত্তর দেবো’, অনিন্দ্য প্রকাশ এনেছে আলম তালুকদারের ‘বঙ্গবন্ধুর ছড়া’, বিভাস এনেছে মুহম্মদ নূরুল হুদার ‘নির্বাচিত ২০০ কবিতা’, জয়ন্তী আনে মঈনুল আহসান সাবেরের ‘বাছাই গল্প’, মুক্তধারা আনে অধ্যাপক শুভাগত চৌধুরীর ‘সুস্থ থাকার সহজ উপায়’, শ্রাবণ প্রকাশনী আনে হোসাইন মোহাম্মদ ইকবালের ‘মৃত্যুবিলাস’, অনন্যা আনে হুমায়ূন আহমেদের ‘মিসির আলী সমগ্র-২’, আলেয়া বুক ডিপো আনে মঈনুল আহসান সাবেরের ‘একজন খুচরো মাস্তান ও অন্যান্য কয়েকজন’, শিখা প্রকাশনী এনেছে মাসুদা ভাট্টির ‘ইচ্ছা অনিচ্ছা এবং সদিচ্ছার রাজনীতি’, আদর্শ আনে আল মাহমুদের ‘লোক লোকান্তর’-এর সংস্করণ, জাগৃতি আনে অদিতি ফাল্গুনীর ‘বিফু কান দিন অথবা লক্ষ্মী পাঁচালি ও ব্রতকথা’, অন্যপ্রকাশ এনেছে আন্দালিব রাশদীর ‘অধরা’, মুনীর আহমেদের ‘হুমায়ূন আহমেদ ও যতকথা’, ছায়াবীথি আনে ফারুক নওয়াজের ‘আঙ্কল হার্বাটের পোষা ভূত’ ইত্যাদি। আজকের আয়োজন :আজ শুক্রবার মেলার পঞ্চদশ দিনে সকাল ৯টায় শিশু-কিশোরদের সঙ্গীত প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। বিকালে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘গবেষক-সম্পাদক আবদুল কাদির’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক গোলাম মোস্তফা। আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, গবেষক সলিমুল্লাহ খান এবং গবেষক হাবিব রহমান। সভাপতিত্ব করবেন ড. মাহ্মুদ শাহ কোরেশী। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।