রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে বিলাসবহুল পণ্যের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে চীন। দেশটির ক্রমবর্ধমান ধনী ও দরিদ্রদের মধ্যে সম্পদের বৈষম্যের কারণে সৃষ্ট সামাজিক হতাশা প্রশমনে ও দামী উপহারের মাধ্যমে ঘুষ প্রদান নিরুত্সাহ করতে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। চীনের সরকারি বার্তা সংস্থা জিনহুয়া জানায়, এ ধরনের প্রচার-প্রচারণা ভুল নৈতিকতা শিক্ষা দেয় এবং খারাপ সামাজিক তত্ত্বের উদ্ভবে সহায়তা করে। চীনে চন্দ্র নববর্ষের আগে সরকার দামী ঘড়ি, সোনার কয়েন, দুর্লভ ডাক টিকিটসহ মূল্যবান জিনিসপত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো। পশ্চিমা বিশ্বের বড়দিনের উত্সবের মতো এই ছুটির দিনটিতে চীনের লোকজন অনেক উপহার কিনে এবং অর্থের একটি বড় প্রবাহ হয় তখন। ২০১২ সালে জাপানকে পেছনে ফেলে চীন বিশ্বের সবচেয়ে বৃহত্ বিলাসবহুল পণ্যের বাজার হিসেবে নাম লেখায়। ম্যাককিনসে এন্ড কোম্পানি নামে একটি বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান ভবিষ্যদ্বাণী করেছে, ২০১৫ সালের মধ্যে চীনের বিলাসবহুল পণ্যের বাজার বিশ্বের মোট বাজারের পাঁচ ভাগেরএক ভাগ স্থান দখল করবে। যার আর্থিক মূল্য হবে ২৭ বিলিয়ন ডলার।
