বি শ্ব অ র্থ নী তি র টু কি টা কি

বিশ্ববাণিজ্যে নম্বর ওয়ান চীন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৪১
বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ চীন এবার বাণিজ্যেও শীর্ষ স্থান দখল করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বাণিজ্যে শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছেনে ফেলে দিয়েছে চীন। চীনের শুল্ক বিভাগ জানায়, গত বছর মোট বাণিজ্য হয় ৩.৮৭ ট্রিলিয়ন ডলার। আর যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানায়, ২০১২ সালে দেশটির মোট আমদানি-রপ্তানি হয় ৩.৮২ ট্রিলিয়ন ডলার। এ সময় চীনের বাণিজ্যিক উদ্বৃত্ত হয় ২৩১.১ বিলিয়ন ডলার। যেখানে যুক্তরাষ্ট্রের ঘাটতি ছিল ৭২৭.৯ বিলিয়ন ডলার। আমদানি-রপ্তানির মোট হিসেবে চীন সবচেয়ে বড় অর্থনৈতিক দেশটিকে ছাড়িয়ে গেল। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাণিজ্যে পশ্চিমা আধিপত্যের বিপরীতে এশীয় এ দেশটির এগিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ঝুঁকি বাড়াবে। আঞ্চলিক ও বিশ্ববাণিজ্যে চীনের প্রভাব আরো বাড়বে। চীন বিশ্বের অনেক দেশের ব্যবসায়িক পার্টনারে পরিণত হয়েছে। বিশেষ করে ইউরোপের জার্মানি থেকে শুরু করে এশিয়ার জাপান, রাশিয়া এবং ভারতের। এতে আঞ্চলিক আধিপত্যের পাশাপাশি বিশ্ববাণিজ্যেও দেশটির আধিপত্য বাড়বে। তবে বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখনো চীনের দ্বিগুণ। যুক্তরাষ্ট্রের অর্থনীতির মোট মূল্য ১৫ ট্রিলিয়ন ডলার, যেখানে চীনের অর্থনীতির মূল্য ৭.৩ ট্রিলিয়নের।