শাহবাগের এই গণজাগরণে থেমে নেই ব্যান্ড তারকাদের কণ্ঠস্বরও। তারকারা তাদের প্রতিটি কনসার্টেই গান শুরুর আগে ও মাঝে শ্রোতাদের এই গণজাগরণ মঞ্চের প্রতি সংহতি জানিয়ে কথা বলেছেন। ‘আমি শত্রু চিনি মাগো, তুমি ঘুমাও নির্ভয়ে’ মাকসুদের এই গান গেয়ে গত ১৪ ফেব্রুয়ারি মিরপুরে মোমবাতি প্রজ্জ্বলন করেছেন। এ ছাড়া নগর বাউল জেমস দেশের বাইরে থাকলেও সেখানেও প্রবাসী বাঙালিদের সাথে যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে উপস্থিত দর্শকদের উদ্বুদ্ধ করেছেন গানে গানে। গেল ভ্যালেন্টাইন উত্সবে প্রায় সবকটি কনসার্টেই ব্যান্ড তারকারা তাদের নিজেদের অবস্থান থেকে দর্শকদের এই আবেগকে শ্রদ্ধা জানিয়েছেন অকপটে।
এ প্রসঙ্গে ব্যন্ড লিজেন্ড মাকসুদুল হক বলেন, ‘আমি টানা কয়েকদিন অস্ট্রেলিয়া শো করে আসার পর অনেকেই প্রশ্ন করেছেন আমি কেন ব্লগে নেই, ফেসবুকে বা শাহবাগে নেই। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি যত সময় ধরে ব্লগে বিভিন্ন লেখালেখি করেছি, তা অনেকেই জানেন না। আর আমি দেশের বাইরে থাকাতে শাহবাগে আসতে পারিনি। তাই নিজের ভেতরেও এক ধরনের তাড়না অনুভব করেছি। আমার এই যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং বর্তমান রাজনৈতিক সংস্কৃতি নিয়ে একমাত্র আমারই গান রয়েছে। ‘আমি শত্রু চিনি মাগো, তুমি ঘুমাও নির্ভয়ে’ এই একটি পংক্তিতেই আমি এক যুগ আগেই বুঝিয়েছি তরুণদের। তাই বাড়তি কোনো প্রচারের জন্য নয়, নিজের চেতনার স্বাক্ষর এবং আমার জায়গায় আমি নিজেকে স্পষ্ট ও দায়িত্ব অনেক আগেই পালন করেছি। কেবল ঢাকায় এসেই এলাকার ছেলেদের সাথে দাঁড়িয়েছি। দুই একদিনের ভেতরেই শাহবাগেও ঘুরে আসব।’ এদিকে শাহবাগ নিয়ে একাধিক তারকারা বিভিন্ন গান রেকর্ড করলেও অধিকাংশ ব্যান্ড তারকারা তাদের দেশের গানগুলো নিয়েই গণজোয়ারে অংশ নিচ্ছেন। নতুনভাবে এই তারুণ্যকে উদ্দীপ্ত করার জন্য।
