ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হলো ক্লোজআপ তারকাখ্যাত কণ্ঠশিল্পী সাবরিনা রহমান বাঁধনের দ্বিতীয় একক অ্যালবাম ‘অতঃপর ভালোবাসা’। বাঁধনের দ্বিতীয় একক অ্যালবাম প্রকাশ উপলক্ষে ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রকাশনা উত্সবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শফিক রেহমান। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী সুজেয় শ্যামসহ আরও অনেকে। বাঁধন বলেন, ‘পড়ালেখার কারণে মাঝের কয়েক বছর অ্যালবাম প্রকাশ থেকে বিরত ছিলাম। তবে গানের চর্চাটা নিয়মিত চালিয়ে গেছি। পাঁচ বছর বিরতির পর দ্বিতীয় অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পেরে ভালো লাগছে। চেষ্টা করেছি মনের মতো একটি অ্যালবাম উপহার দেওয়ার। জানি না, কতখানি পেরেছি। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’ সংগীতার ব্যানারে প্রকাশিত ‘অতঃপর ভালোবাসা’ অ্যালবামে রয়েছে ১০টি আধুনিক মৌলিক গান ও একটি নজরুলসংগীত। তবে আধুনিক গানগুলোর সবই ভালোবাসার। ১০টি আধুনিক গানের মধ্যে তিনটি দ্বৈত। গানগুলোতে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন কিশোর, মুহিন ও সাব্বির। অ্যালবামের গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া, আবিদ রনি, শিহাব রিপন, সজীব, কিশোর ও সাব্বির। কণ্ঠ দেওয়ার পাশাপাশি অ্যালবামের জন্য গানও লিখেছেন বাঁধন। অ্যালবামের অন্য গীতিকারেরা হলেন—আকিদুল ইসলাম, রবিউল ইসলাম জীবন, মাহমুদ মানজুর প্রমুখ।
