শাহবাগ থেকে গণজাগরণের স্ফুলিঙ্গ বিদেশেও ছড়িয়ে পড়েছে। জাপানের রাজধানী টোকিও এর ইকেবুকুরো এলাকার নিশি গুচি কোয়েন (ওয়েস্ট গেট পার্ক)-এ বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদের স্মৃতি চারণ ও সম্মান প্রদর্শন স্বরূপ জাপান সরকার অনুমোদিত স্থানে শহীদ মিনার তৈরি হয়েছে। আর সেই শহীদ মিনারের সামনে গত ১০ ফেব্রুয়ারি শাহবাগের গণজাগরণের সাথে একাত্মতা জানাতে মাত্র একদিনের প্রচারণায় সমবেত হয় বিপুল সংখ্যক জাপান প্রবাসী বাংলাদেশি। শ্লোগানে আর সাধারণ মানুষের আবেগপূর্ণ বক্তৃতায় মুখরিত হয়ে উঠে টোকিও শহীদ মিনার প্রাঙ্গণ, এ যেন সেই প্রতিবাদী শাহবাগ। সমাবেশে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি, সাংস্কৃতিক কর্মী, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীরা দূরদূরান্ত থেকে সংহতি জানাতে আসে। উপস্থিত ছিলেন একাধিক মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা। সমাবেশে জপান কমিউনিটির সুপরিচিত ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অজিত বড়ুয়া, শেখ আলিমুজ্জামান, আব্দুল ওয়াদুদ, সজল বড়ুয়া, তপন কুমার পাল, কাজী ইনসানুল হক, পি আর প্লাসিড, জুয়েল আহসান কামরুল, হসাইন মুনির, বাদল চাকলাদার, শরাফুল ইসলাম, কাজী মাহফুজুল হক লাল, ছালেহ মোহাম্মদ আরিফ, জাকির জোয়ারদ্দার, সাকাই পল, সুখেন ব্রহ্ম, খন্দকার আসলাম হিরা, মাসুদুর রহমান, জেড এম আবুসিনা, বিমান পোদ্দার, এম এ রাজ্জাক, রায়হান কবির ভুঁইয়া প্রমুখ।
