চুম্বনে থাই যুগলের বিশ্ব রেকর্ড
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে টানা প্রায় আড়াইদিন স্থায়ী চুমুর বিশ্ব রেকর্ড করেছে এক থাই যুগল। আয়োজকরা শুক্রবার এ কথা জানিয়ে বলেন, হাসপাতালের নিরাপত্তা রক্ষী ইকাচি তিরানারাত (৪৪) ও ৩৩ বছরের গৃহিণী লাকসানা ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ৫৮ সেকেন্ড ধরে একে অপরকে চুম্বন করেন। যা গত বছরের গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ৮ ঘণ্টা বেশি। নতুন এ বিশ্ব রেকর্ডের জন্য যুগলটি ৩ হাজার ৩শ’ ডলার ও দুটি হীরার আংটি পাবেন। প্রায় আড়াইদিন নাওয়া-খাওয়া ছাড়া নির্ঘুম দাঁড়িয়ে থাকায় তারা বেশ দুর্বল হয়ে পড়েছেন বলে আয়োজকরা জানান।—এএফপি
কর্সিকা দ্বীপে আতঙ্ক
ফ্রান্সের দ্বীপ রাজ্য কর্সিকা সমুদ্র সৈকতের আকর্ষণ সারা পৃথিবী জুড়েই। প্রতিবছর অসংখ্য পর্যটক এই দ্বীপটিতে অবকাশ যাপন করতে যান। কিন্তু গত কয়েকবছর ধরেই দ্বীপটিতে গুপ্তহত্যার ঘটনা বাড়ছে আর এর শিকার হয়েছেন আড়াইশ মানুষ। ফলে সৌন্দর্যময় এই দ্বীপটিতে তৈরি হয়েছে আতংকের পরিবেশ। —বিবিসি
সাইয়েভোতে বায়ু দূষণ
বিশ্বস্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও’র তথ্য অনুযায়ী বসনিয়া হ্যারেসগোভিনার রাজধানী সারাইয়েভোতে সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি। বছরে গড় পরিমাণ প্রতি কিউবিক মিটারে ১১৭ মাইক্রোগ্রাম। বিশেষ করে শীতকালে সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। যেসব ধূলিকণা ১০ মাইক্রোমিটারের চেয়েও ক্ষুদ্র সেগুলো নিশ্বাসের মাধ্যমে মানুষের ফুসফুসে ঢুকে যায়। —ডয়েচে ভেলে
