সিরিয়ার হাসাকা প্রদেশে তেলসমৃদ্ধ আল-শাদ্দাদেহ শহর বিদ্রোহীরা দখল করে নিয়েছে বলে জানিয়েছে সরকার-বিরোধী সংগঠনগুলো। আল নুসরা ফ্রন্ট শহরটি দখল করে। এ সময় সংঘর্ষে শতাধিক লোক নিহত হয়। এদিকে বিদ্রোহীরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে দু’টি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। একটি পর্যবেক্ষণ সংস্থা এ কথা বলেছে।
পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে তিনদিন তুমূল লড়াইয়ের পর বৃহস্পতিবার বিদ্রোহীরা ওই তেলসম্বৃদ্ধ শহরটি দখল করে। এতে সরকারি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে ৩০ বিদ্রোহী ও ১০০ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। শাদ্দাদেহ দখলের মধ্য দিয়ে বিদ্রোহীরা প্রদেশটির রাজধানী হাসাকা দখলে আরো একধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে। হাসাকা প্রদেশের রাজধানীর নামও হাসাকা। এর দক্ষিণে শাদ্দাদেহ শহর অবস্থিত। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শাদ্দাদেহ দখলের খবর দেয়ার পর নুসরা তাদের বিজয়ের একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করে। এতে দেখা যায়, তারা আল্লাহু আকবার ও নুসরা নুসরা বলে শ্লোগান দিচ্ছে। এছাড়া বিদ্রোহীরা আলেপ্পোর প্রধান বিমানবন্দর নিয়ন্ত্রণে নেয়ার জন্যও তুমূল লড়াই চালিয়ে যাচ্ছে।
এদিকে একইদিনে বিদ্রোহীরা ইদলিব প্রদেশে দুইটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে। ওই অঞ্চলে বিমান বাহিনী কয়েকদিন ধরে তাদের অভিযান অব্যাহত রাখলে বিদ্রোহীরা তার পাল্টা প্রতিশোধ হিসাবে বিমান দুটোকে গুলি করে ভূপাতিত করে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহীরা এ অঞ্চলের অধিকাংশ এলাকায়ই তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। সংস্থাটির প্রধান রামি আব্দুল রহমান জানান, বিদ্রোহীরা জেবিসা তেলক্ষেত্রটির প্রায় ৭০ শতাংশই দখল করে নিয়েছে। এটি সিরিয়া-ইরাক সীমান্তে অবস্থিত। অন্যদিকে ইরান বৃহস্পতিবার জানিয়েছে, বন্দুকধারীরা ইরানি রেভ্যুলিউশনারি গার্ডের প্রধানকে হত্যা করেছে। তিনি দামেস্ক থেকে লেবাননে যাওয়ার পথে এ হামলার শিকার হন।
