পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার বোমা হামলায় কমপক্ষে সাত সরকারপন্থি মিলিশিয়া নিহত ও ১৩ জন আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, সরকারি মিলিশিয়া বাহিনীর ২০জনের একটি দল বাসে করে উপজাতীয় অধ্যুষিত খাইবার জেলা থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান গ্যারিসন শহর কোহাট যাচ্ছিল। বাসটি পার্শ্ববর্তী ওরাকজাই শহরের হাসানজো গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় আগে থেকে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
ওরাকজাইয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বলেন, বিস্ফোরণে বাসটি পুরোপুরি বিধ্বস্ত হয়। এতে সাতজন নিহত ও ১৩জন আহত হয়। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। তিনি বলেন, খাইবারের স্থানীয় একটি শান্তি কমিটি বাসটি ভাড়া নিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাসটিতে মিলিশিয়া বাহিনীর সদস্য ছাড়াও শান্তি কমিটির ২০জন ছিলেন।
শান্তি কমিটি হল সরকারের পক্ষে উত্তর-পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের সুরক্ষার লক্ষ্যে গঠিত একটি সশস্ত্র সংগঠন। একই স্থানে দ্বিতীয় হামলায় ঘটনাটি ঘটে। এতে গ্রামবাসীদের বহনকারী একটি গাড়ি রাস্তার পাশে পেতে রাখা বোমার ওপর দিয়ে যাওয়ার সময় তা বিস্ফোরণে দু’জন নিহত ও ১০জন আহত হয়। নিরাপত্তা কর্মকর্তারাও হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন।
