জাপানের নিরাপত্তায় আবেকে আশ্বস্ত করলেন ওবামা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে দেশটির নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার পরিপ্রেক্ষিতে বুধবার ওবামা জাপানিজ প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, ‘তারা (ওবামা ও আবে) উভয়েই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নিবিড়ভাবে কাজ করে যাবে বলে অঙ্গীকার করেছেন।’ ‘উত্তর কোরিয়াকে পরমাণু এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প থেকে বিরত রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও এ সময় উভয় নেতা সম্মত হন।” ‘প্রেসিডেন্ট ওবামা জাপানের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।’ বিবৃতিতে আরো জানানো হয়, চলতি মাসের শেষদিকে জাপানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরকালে তার সঙ্গে গভীর আলোচনায় বসারও ইচ্ছা প্রকাশ করেছেন ওবামা।