ইউরোজোনে মন্দা বেড়েছে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৯
ইউরোজোনে ২০১২ সালের শেষ তিনমাসে অর্থনৈতিক মন্দা বেড়েছে। এমনটিই দেখা গেছে সরকারি এক পরিসংখ্যানে। ইউরোজোনের ১৭টি দেশে পূর্ব ধারণা ছাড়িয়ে গেছে অর্থনীতির নিম্নগতি। এসব দেশে গত বছর চতুর্থ প্রান্তিকে অর্থনীতি সঙ্কুচিত হয়েছে ০ দশমিক ৬ শতাংশ। ২০১২ সালের প্রথম তিনমাসে অর্থনৈতিক উন্নয়ন হয়নি। দ্বিতীয় প্রান্তিকে অর্থনৈতিক কর্মকাণ্ড কমে গেছে ০ দশমিক ২ শতাংশ এবং তৃতীয় প্রান্তিকে তা ০ দশমিক ১ শতাংশ কমেছে। ২০০৯ সালের শুরু থেকে ইউরোজোনে গত বছরই অর্থনীতি সঙ্কুচিত হয়েছে সবচেয়ে বেশি। তাছাড়া, এই প্রথম এ অঞ্চলে সারা বছর জুড়েই অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল নিম্নগামী। এতে করে ডলারের বিপরীতে ইউরোর মান তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে চলে যায়। ইউরোজোনে সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে গত বছরের শেষদিকে অর্থনীতি সঙ্কুচিত হয়েছে ০ দশমিক ৬ শতাংশ।