সরস্বতী পূজা উদযাপন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৩
গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। খবর দৈনিক প্রতিনিধি ও সংবাদদাতাদের। আশুগঞ্জ\ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ঘরে ঘরে শুক্রবার সকাল থেকে উদযাপিত হচ্ছে বিদ্যা দেবী সরস্বতী পূজা। ঢোল-কাঁসা আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠে প্রতিটি পূজামণ্ডপ। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি পূজা উদযাপন কমিটির উদ্যোগে শুক্রবার রাধা গোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত হয় সবচেয়ে বৃহত্ সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের এই ধর্মীয় উত্সবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। ভাণ্ডারিয়া (পিরোজপুর) \ প্রাচীনকাল থেকে চলে আসা বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের গৃহে, বিদ্যাপিঠ, মন্দির ও বিভিন্ন ক্লাবে যুবকবৃন্দ একত্রিত হয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও আড়ম্বরপূর্ণভাবে অধিক জ্ঞানার্জনের জন্য বিদ্যাদেবী সরস্বতী মায়ের বাণী অর্চনা ও বামুনঠাকুরের মন্ত্রপাঠে অঞ্জলী প্রদানের মধ্যদিয়ে পিরোজপুরের ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে উদ্যাপন করা হয়েছে সরস্বতী মায়ের বন্ধনা। কলেজ শিক্ষকবৃন্দ নতুন বস্ত্রে ও শিক্ষার্থীরা লালপেদে সাদা শাড়ি, ললাটে খাগের কলম ও পুষ্প পল্লবী হাতে অঞ্জলী প্রদান করেছে মায়ের রাতুল চরণে। টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ) \ গোপালগঞ্জের টুঙ্গীপাড়াতেও জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো। জ্ঞানের আলোয় আলোকিত জীবনের প্রত্যাশায় সাড়ম্বরে পূজা করলেন সনাতন ধর্মাবলম্বী হিন্দু শিক্ষার্থীরা। হোসেনপুর (কিশোরগঞ্জ) \ আজ শুক্রবার হোসেনপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যাদেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এবার হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাঁকজমকপূর্ণভাবে সরস্বতী পূজা পালন করেছে। এছাড়া কুলেশ্বরী বাড়ি দেবালয়, নরসিংহ জিউর আখড়া, হোসেনপুর কেন্দ্রীয় কালী মন্দিরসহ বাসা-বাড়িতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী (পিরোজপুর)\ পিরোজপুরের কাউখালীতে মন্দির ও স্কুল-কলেজ, মহাবিদ্যালয়গুলোতে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। জ্ঞানের আলো ছড়াতে এক বছর পর আবারও এসেছেন বিদ্যাদেবী সরস্বতী। বরণ করে নেয়া হয়েছে দেবী সরস্বতীকে। বৃহস্পতিবার মধ্যরাতে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলী প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। দাউদকান্দি \ ঢোল-কাঁসা আর শঙ্খধ্বনির মধ্যদিয়ে দাউদকান্দি, তিতাস, মেঘনা, হোমনা ও মুরাদনগরে সরস্বতী পূজা উদযাপিত হয়। বীণা-পানির এ পূজায় অধিকাংশ শিক্ষার্থীরা অংশ নেয়।