ভুল অপারেশনের দায়ে ডাক্তারের বিরুদ্ধে করা মামলা আপসের মাধ্যমে প্রত্যাহার করেছেন রোগীর বাবা।
কিশোরগঞ্জের দি খিদমাহ হসপিটাল (প্রাইভেট) ক্লিনিকের ডা. আব্দুল মজিদ, ডা. মাহাবুব আলম, পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের ভিজিটর দোলেনা রানীর বিরুদ্ধে গত ৫ ফেব্রুয়ারি আদালতে দায়ের করা মামলার নিষ্পত্তি হয়েছে ৬৫ হাজার টাকায়। বাদি পেয়েছেন ৪০ হাজার, বাকিটা মধ্যস্থতাকারী।
মামলার পর বিভিন্ন মহলের চাপে বাদী পাকুন্দিয়া উপজেলার দিয়াপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র নুর মোহাম্মদ আপস করতে বাধ্য হয়। তিনি ৭ ফেব্রুয়ারি নোটারি পাবলিকের মাধ্যমে মামলা প্রত্যাহারের ঘোষণা দেন।
গত ২৪ জানুয়ারি দি খিদমাহ হসপিটালে বাদীর কন্যা নাছরিনকে সিজার করানো হয়। ডাক্তার ভুল করে পেটের মধ্যে ব্যান্ডেজ রেখেই সেলাই করে। দ্বিতীয়বার অপারেশন করে তা বের করা হয়। পরে নাছরিনের অবস্থা আরও খারাপ হলে অন্য হাসপাতালে ভর্তি করা হয়।
