গণতন্ত্র মুক্তি দিবসে গতকাল শুক্রবার ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ভাতুড়িয়া গ্রামে শহীদ আলতামতির ১৭তম শাহাদত্বার্ষিকী পালন করা হয়। শহীদ আলতামতি স্মৃতি পরিষদের উদ্যোগে এ উপলক্ষে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে এক আলোচনাসভা ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করা হয়। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির এক দলীয় নির্বাচনে রেহানা আক্তার ওরফে আলতামতি পুলিশের গুলিতে নিহত হন। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ আলতামতির পিতা আব্দুর রহমানকে এক লাখ টাকা অনুদানের একটি চেক হস্তান্তর করেন। পরে চেকটি তার সন্তানদের দেয়া হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদের সভাপতি শহীদ আলতামতির ভাই প্রভাষক মোঃ শাহানূর আলম। সভায় বক্তারা গণতন্ত্র উত্তরণে নিহত আলতামতির আত্মত্যাগ স্মরণ এবং তার দুই সন্তানসহ পরিবারের সদস্যদের প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করেন।
